সহিংসতার ঘটনায় যুক্তরাষ্ট্রের উদ্বেগ
যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের পর সারাদেশে সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (দক্ষিণ ও মধ্য এশিয়া) মুখপাত্র এমিলি জে হর্ন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্ষোভের সময় বহু মানুষের প্রাণহানির খবরে আমরা মর্মাহত। একটি হিন্দু মন্দিরে আক্রমণের খবরও পেয়েছি। যা আমাদের উদ্বিগ্ন করে তুলেছে।”
হত্যা, ধর্ষণ, লুটপাট, নির্যাতন ও ধর্মান্তরে বাধ্য করার মতো মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে বৃহস্পতিবার ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
দেশব্যাপী সংঘাতে আহত হয়েছে দুই শতাধিক। জামায়াত-শিবিরকর্মীরা বহু গাড়ি ও দোকানপাট ভাংচুর করেছে। কয়েকটি স্থানে হিন্দু সম্প্রদায়ের বাড়ি ও মন্দিরেও হামলা হয়েছে।
এ বিষয়ে এমিলি জে হর্ন বলেন, “শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ করা একটি মৌলিক গণতান্ত্রিক অধিকার। তবে আমরা বিশ্বাস করি সহিংসতা কখনো প্রতিবাদের ভাষা হতে পারে না।”
তিনি আশা করেন, বাংলাদেশিরা শান্তিপূর্ণভাবে তাদের মত প্রকাশ করবে এবং সরকারও পরিস্থিতি শান্ত রাখতে শান্তিপূর্ণ ব্যবস্থা নেবে।
