২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘রায় কার্যকর না হওয়া পর্যন্ত স্বস্তি নেই’

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায়ে সন্তুষ্ট হলেও তা কার‌্যকর হওয়ার আগে স্বস্তি পাবেন না বলে মন্তব্য করেছেন মামলার কয়েকজন সাক্ষী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মামুনূর রশীদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2013, 09:37 PM

Updated : 23 Aug 2022, 10:17 AM

একইসঙ্গে জামায়াতে ইসলামীর ‘ধর্মের নামে ধর্মবিরোধী কর্মকাণ্ড’ প্রতিহত করতে দেশবাসীকে রাস্তায় নেমে আসার আহ্বানও জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াতের দ্বিতীয় শীর্ষ নেতা সাঈদীকে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দেয়।

এই রায়ের পরপরই সারাদেশে সহিংসতায় জড়ায় জামায়াত, যাতে নিহত হন অন্তত ৩৫ জন। রোব ও সোমবার হরতালও ডেকেছে জামায়াত।    

রায়ের প্রতিক্রিয়ায় সাঈদীর মামলার তৃতীয় সাক্ষী পিরোজপুরের মিজানুর রহমান তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কাঙ্ক্ষিত রায় আমরা পেয়েছি। রায়ে খুশিও হয়েছি। কিন্তু এই রায় কার্যকর হওয়ার আগ পর্যন্ত স্বস্তি পাব না।”

এই মুক্তিযোদ্ধা বলেন, “একাত্তরের ৮ মে থেকে পিরোজপুরের পারেরহাট অঞ্চলে সেসব হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণ ও ধর্মান্তরের ঘটনা ঘটেছে, এর প্রতিটি অপকর্মের সঙ্গে সাঈদী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ছিল।”

গত শুক্রবার বায়তুল মোকাররম মসজিদসহ সারাদেশে তাণ্ডবের জন্য জামায়াতকে দায়ী করে মিজানুর বলেন, “সেদিন নামাজ শেষ হওয়ার আগেই ওরা নারায়ে তাকবীর বলে ঝাঁপিয়ে পড়ে। এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। ওরা ইহুদিদের চর, এজিদের বংশধর।”

ধর্মের নামে জামায়াতের এই ‘অধর্মের’ বিরুদ্ধে দেশের মানুষকে রুখে দাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন,  “দেশের সমস্ত মানুষ যেন ওদের সব অপকর্ম আর ধর্মবিরোধী কাজ প্রতিহত করার জন্য রাস্তায় নামে।”

এই রায়ের মাধ্যমে ‘ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে’ মন্তব্য করে আরেক সাক্ষী সাইফ হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই রায়ে সারাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে।”

হাফিজের ভাই পিরোজপুরের ডেপুটি ম্যাজিট্রেট সাইফ মিজানুর রহমান একাত্তরে সাঈদীর অনুসারীদের হাতে নিহত হন।

একাত্তরে সাঈদীর মামলার বাদী মাহাবুবুল আলম হাওলাদারের বাড়ি পুড়িয়ে দেয় রাজাকাররা। তার বড় ভাইও নির‌্যাতিত হন।

রায়ের প্রতিক্রিয়ায় এই মুক্তিযোদ্ধা বলেন, “নিরস্ত্র মানুষকে হত্যা, ধর্ষণ, ধর্মান্তরিত করা এসব অপরাধের মূল এসব রাজাকার, আলবদর, আলশামস।

“একাত্তরে সারাদেশে পাক হানাদার বাহিনী যে অত্যাচার চালিয়েছিল, সাঈদীর মতো এইসব মুনাফেক, বেঈমানদের সাহায্য ছাড়া এতটা করা সম্ভব ছিলে না।”

রায়ে সন্তুষ্ট মাহাবুবুল আলম বললেন, “এই রায়ের ফলে মাঝে কাদের মোল্লার রায় নিয়ে যে সংশয় তৈরি হয়েছিল, তা কেটে গেল।”

সাক্ষী আব্দুল হালিম বাবু তরুণ প্রজন্মকে ধন্যবাদ দিয়ে বলেন, “আমি আনন্দিত। এটা ভেবে ভাল লাগছে যে এই রায়ে মুক্তিযুদ্ধে নিহত শহীদদের আত্মা কিছুটা হলেও শান্তি পাবে।”

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত অন্যদের ক্ষেত্রেও একই রায়ের প্রত্যাশা করে তিনি বললেন, “বাংলার মাটি সেদিনই পুরোপুরি নিষ্কলুষ হবে, যেদিন এদের সবার রায় কার্যকর হবে। আসল আনন্দ, স্বস্তি আসবে কেবল সেদিন।”

আরেক সাক্ষী মানিক পশারী বলেন, “ওরা একাত্তরে আমার সব ধ্বংস করে দিয়েছিল। সেই অন্যায়ের বিচার পাইলাম এতদিনে। শুধু আমি না দেশের সব মানুষ এই রায়ে খুশি।”