২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উল্লাসের জোয়ারে ভাঙলো বইমেলা

মাসব্যাপী একুশের বইমেলা শেষ হয়েছে । এবার মেলায় ১০ কোটি টাকারও বেশি বই বিক্রি হয়। যদিও অনেক প্রকাশক তাদের বই বিক্রি নিয়ে সন্তুষ্ট নন।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2013, 06:30 PM

Updated : 23 Aug 2022, 10:17 AM

এরই মাঝে মেলার সমাপনী দিনটি ছিল আন্দ-উল্লাসমুখর।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগ ও হিন্দুদের জোর করে ধর্মান্তরিত করার অভিযোগ প্রমাণিত হওয়ায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে  মৃত্যুদণ্ড  দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।  

বৃহস্পতিবার দুপুরে এই রায়  ঘোষণার পরপরই রাজধানীর শাহবাগসহ দেশের বিভিন্ন স্থানে নানা শ্রেণি পেশার মানুষ রাস্তায় নেমে এসে উচ্ছ্বাস প্রকাশ করে। সেই উচ্ছ্বাস বাংলা একাডেমীর মেলা প্রাঙ্গণেও ছড়িয়ে পড়ে। অনেক প্রকাশককে আনন্দে মিষ্টি বিতরণ করতেও দেখা যায়।  

বইমেলার শেষদিন বৃহস্পতিবার নতুন দিনের নব প্রত্যাশার কথা বলেছেন লেখক, প্রকাশক ও বইপ্রেমীরা।

সময় প্রকাশনের ফরিদ আহমেদ বলেন, “এবারে আমার বিক্রি যা হয়েছে তাতে আমি সন্তুষ্ট। আমি ২৪ বছর ধরে বইমেলা করছি। এই মেলাটি সবদিক দিয়ে আমার কাছে ঘটনাবহুল।”

হাতেখড়ি’র প্রকাশক আবু তাহের বলেন, “গত বছরের তুলনায় অর্ধেক বিক্রিও হয়নি আমার। এবার মোট পাঁচদিন হরতাল হয়েছে। আমার মতে এই হরতালের কারণেই এমনটা হয়েছে। তবুও আমি মেলায় আসতে পেরে খুশি।”

ছড়াকার লুৎফর রহমান রিটন বলেন, “এই মেলা তারুণ্যের, চেতনার। সেই সঙ্গে শাহবাগের গণ জাগরণের জোয়ার মেলায় এসে আছড়ে পড়েছে। চমৎকার একটি মেলা হয়েছে এবার।”

মেলায় আসা সাফওয়ান আল নিনাদ বলেন, “আমার পছন্দের লেখক ছিলেন হুমায়ূন আহমেদ। তার লেখা কয়েকটি বই কিনেছি। আমি ৬ ফেবব্রুয়ারি থেকে প্রতিদিন শাহবাগে এসেছি। পাশাপাশি মেলাতেও  আসা হয়েছে। তবে মেলায় অগ্নিকান্ডের ঘটনা খুবই দুঃখজনক।”

তিনি আরো বলেন,  “আশা করছি আগামী বছর রাজাকার মুক্ত বাংলাদেশে নির্মল একটি বইমেলা হবে।”

মেলার প্রতিবেদন

২৭ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলা একাডেমীর বিক্রয় কেন্দ্রে ৭১ লাখ ২৬ হাজার ৫৮১ টাকার বই বিক্রি হয়। তবে বুধবার পর্যন্ত বাংলা একাডেমীসহ মেলায় মোট বই বিক্রি  হয়েছে ১০ কোটি ১৪ লাখ ৭৩ হাজার টাকার।

 সমাপনী অনুষ্ঠানে এ তথ্য জানান বইমেলার সদস্য সচিব শাহিদা খাতুন।

তিনি আরো বলেন, এবার মেলার শেষ সপ্তাহে গত ২৪ ফেব্রুয়ারি রাতে মেলাপ্রাঙ্গণে আনাকাঙ্খিতভাবে অগ্নিকান্ডে বেশকিছু স্টলের ব্যাপক ক্ষতি হয়। অগ্নিকান্ডে ২২ টি প্রকাশনা প্রতিষ্ঠান ও দুটি সরকারি প্রতিষ্ঠান সম্পূর্ণ ভষ্মিভূত হয় এবং আগুন নেভানোর সময় পানিতে ভিজে ৩টি প্রকাশনা প্রতিষ্ঠানের বই নষ্ট হয়।

ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে শাহিদা খাতুন বলেন, “এ বিষয়ে গঠিত ৩টি তদন্ত কমিটি কাজ করছে। আমরা আশা করছি, সুষ্ঠ তদন্তের মাধ্যমে অগ্নিকান্ডের প্রকৃত কারণ বেরিয়ে আসবে। সরকারও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক ক্ষতিপূরণের বিষয়ে বিবেচনা করবেন।”

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ।

আরো উপস্থিত ছিলেন- বাংলা একাডেমীর সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব সুরাইয়া বেগম, বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, ব্র্যাক ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মামদুদুর রশিদ, স্টেপ মিডিয়ার পরিচালক মোস্তফা জাহিদ খান।

তিন হাজার নতুন বই

বাংলা একাডেমীর সমন্বয় ও জনসংযোগ উপবিভাগ থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, এ বছর মেলায় সব মিলিয়ে প্রকাশিত হয়েছে তিন হাজার ৭০ টি নতুন বই। এর মধ্যে এগিয়ে আছে কবিতার বই। এ বছর কবিতার বই এসেছে ৭৭১টি। এর পরের স্থানে রয়েছে উপন্যাস। উপন্যাস প্রকাশিত হয় ৫৩২টি। এছাড়া গল্প ৩৯৬টি, প্রবন্ধ ২২০টি, গবেষণা গ্রন্থ ৫২টি, ছড়ার বই ১০৫টি, শিশুতোষ ৯৮টি, জীবনীগ্রন্থ ৮৮টি, রচনাবলী ৬টি, মুক্তিযুদ্ধ বিষয়ক ৬৪টি, নাটক ২৫টি, বিজ্ঞান ৪৮টি, ভ্রমণকাহিনী ৪৯টি, ইতিহাস বিষয়ে ৪৫টি, রাজনীতি বিষয়ক ২২টি, চিকিৎসা/স্বাস্থ্য ২৫টি, কম্পিউটার বিষয়ে ৬টি, রম্য/ধাঁধা ৬৮টি, ধর্ম বিষয়ক ১৯টি, অনুবাদগ্রন্থ ৩৪টি, অভিধান ২টি, গোয়েন্দা/সায়েন্স ফিকশন ২১টি এবং অন্যান্য বিষয়ের উপর ৩৭৪ টি বই।

গত বছর মেলায় ৩,৬৬৯টি নতুন বই প্রকাশিত হয়েছিলো।

এক নজরে এবারের বইমেলা

এবার  একুশের বইমেলায় কেবল প্রকাশকরাই অংশ নেন। এবার বইমেলায় ২৪৬টি প্রকাশনা প্রতিষ্ঠানকে ৪১৮টি ইউনিট বরাদ্দ দেয়া হয়। ৪৫টি লিটল ম্যাগাজিনকে তাদের প্রকাশনা প্রদর্শন ও বিক্রির জন্য স্থান করে দেয়া হয় ‘লিটল ম্যাগ চত্বরে’। সরকারি ও অন্যান্য ২৮টি প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ দেয়া হয় ৪২টি ইউনিট।

এছাড়া ক্ষুদ্র প্রকাশনা সংস্থা এবং ব্যক্তিগত উদ্যোগে যারা বই প্রকাশ করেন তাদের বই বিক্রি ও প্রদর্শনের জন্য স্থান করে দেয়া হয় জাতীয় গ্রন্থকেন্দ্রের স্টলে। প্রবাসী লেখকদের বই প্রদর্শনের জন্যও পৃথক একটি স্টল বরাদ্দ ছিল।

ভিন্নতা রাখা হয় বইমেলার চত্বর বিন্যাসেও; যেমন, পাঁচজন ভাষা-শহীদের নামে (সালাম, রফিক, জব্বার, বরকত ও শফিউর) চত্বর, রবীন্দ্র, নজরুল, ড. মুহম্মদ শহীদুলল্লাহ্, রোকেয়া এবং ধীরেন্দ্রনাথ দত্ত চত্বরে বিন্যস্ত করা হয় পুরো মেলাপ্রাঙ্গণ। শিশু-কিশোর প্রকাশনা প্রতিষ্ঠানগুলোকে স্থান করে দেয়া হয় শিশুকর্নারে। নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের ব্যবস্থা ছিল প্রতিবারের মতোই নজরুল মঞ্চে। লেখকদের বসার জন্য বাংলা একাডেমীর পুকুর পাড়ে তৈরি করা হয় লেখকআড্ডা।

ব্রাক ব্যাংক লিমিটেডের আর্থিক সহায়তায় অমর একুশে গ্রন্থমেলা ২০১৩-এর অবকাঠামো নির্মাণ ও সাজসজ্জার সব কাজ স্টেপ মিডিয়া সম্পন্ন করে। সহযোগী ছিল চ্যানেল আই।

প্রয়াত নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ-এর স্মৃতির উদ্দেশ্যে এবার একুশের বইমেলা উৎসর্গ করা হয়।

বইয়ের প্রতি আগ্রহী করে তোলার লক্ষ্যে এবং বইমেলায় স্বাছন্দ্যে ঘুরেফিরে পছন্দমতো বই কেনার সুবিধার্থে চারদিন ছিল শিশু-কিশোরদের জন্য ‘শিশু প্রহর’।

২ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেল ৪টায় মেলার মঞ্চে বিশিষ্ট বাঙালি এবং বাংলার বিস্মৃতপ্রায় মনীষার জীবন ও কর্ম নিয়ে আলোচনাসহ সমকালীন বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া মাসব্যাপী প্রতিদিন সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিবছরের মতো এবারও শিশু-কিশোর চিত্রাঙ্কন, সংগীত এবং সাধারণ জ্ঞান ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

পুরস্কার

অমর একুশে গ্রন্থমেলায় সেরাগ্রন্থের জন্য এবার চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার পেয়েছে প্রথমা থেকে প্রকাশিত ‘উয়ারী বটেশ্বর : শেকড়ের সন্ধানে’ বইটি। সর্বাধিক সংখ্যক মানসম্মত গ্রন্থ প্রকাশের জন্য ‘শহীদ মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার’ পেয়েছে তিন প্রকাশনা সংস্থা- ইউনিভার্সিটি প্রেস লিমিটেড- ইউপিএল, আগামী প্রকাশনী ও শুদ্ধস্বর। অনুষ্ঠান মঞ্চে তাদের পুরস্কৃত করা হয়।

এছাড়া ২০১২ সালের বাংলা একাডেমী পুরস্কারও ঘোষণা করা হয় মেলায়।

নতুন বই

একাডেমীর সমন্বয় ও জনসংযোগ উপবিভাগ থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী,  মেলার সমাপনী দিনে নতুন বই অাসে ১০৭টি। এর মধ্যে গল্প ১১টি, উপন্যাস ১৪টি, প্রবন্ধগ্রন্থ ১৭টি, কবিতার বই ২৩টি, গবেষণা গ্রন্থ ৫টি, শিশুতোষ বই ৩টি, জীবনীগ্রন্থ ৪টি, নাটক ১টি, বিজ্ঞান ১টি, ভ্রমণ কাহিনী ৩টি, ইতিহাস বিষয়ক ৩টি, কম্পিউটার বিষয়ে ১টি, রম্য ৬টি, অনুবাদগ্রন্থ ১টি, অভিধান ১টি, সায়েন্স ফিকশন ১টি ও অন্যান্য বিষয়ের ১২টি বই।