বাঘায় গণপিটুনিতে শিবিরকর্মী নিহত
দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায়ের পর দেশব্যাপী তাণ্ডবের মধ্যে রাজশাহীর বাঘায় গণপিটুনিতে এক শিবিরকর্মী নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
নিহতের নাম আমিরুল ইসলাম। তিনি উপজেলার আহমদপুর গ্রামের জামায়াতকর্মী ওমর আলীর ছেলে।
বাঘা থানার ওসি হামিদুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাঈদীর ফাঁসির রায়ের পর বৃহস্পতিবার বিকালে উপজেলা সদরে জামায়াত-শিবির নেতাকর্মীরা মিছিল বের করলে স্থানীয় জনতার সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এক পর্যায়ে জনতা আমিরুলকে ধরে ব্যাপক মারধর করে।
পুলিশ আমিরুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার মৃত্যু হয় বলে জানান ওসি।
তিনি বলেন, সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।
