তৃতীয় জাতীয় পতাকা উৎসব শুরু শুক্রবার
‘আমাদের পতাকা, আমাদের অর্জন‘ প্রতিপাদ্য নিয়ে তৃতীয় জাতীয় পতাকা উৎসবের দুই দিনব্যাপী আয়োজন শুক্রবার শুরু হচ্ছে।
সকাল সাড়ে ৯টায় সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে উৎসব উদ্বোধন করবেন বাংলাদেশের মানচিত্র খচিত লাল-সবুজ পতাকার নকশাকার শিব নারায়ণ দাশ।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ‘জয়ধ্বনি সাংস্কৃতিক সংগঠন‘ আয়োজিত উৎসবের বিস্তারিত জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় পতাকা উৎসব-২০১৩ এর প্রধান উপদেষ্টা ও অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার বজলুল হক।
তিনি বলেন, ‘এমন এক সময়ে এবারের আয়োজন হচ্ছে যখন তরুণ প্রজন্মের মুক্তিযোদ্ধারা পতাকা ও সংবিধানের মর্যাদা রক্ষার লড়াইয়ে দায়িত্বভার গ্রহণ করেছে। অন্যদিকে লাল-সবুজের পতাকা পুড়িয়ে ফেলছে একাত্তরের পরাজিত শক্তি।‘
প্রথমদিন শিখা চিরন্তনে আলোচনা পর্ব, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মুক্তিযুদ্ধের উপ-সেনাপতি পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার।
অনুষ্ঠানে শিব নারায়ণ দাশ এবং ১৯৭১ সালে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক নূরে আলম সিদ্দিকীকে সম্মাননা দেয়া হবে।
এছাড়া বিশেষ সম্মাননা দেয়া হবে এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদশি মুসা ইব্রাহীম এবং ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক ডা. ইমরান এইচ সরকারক।
দ্বিতীয় দিন শনিবার সকাল ৮টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ‘শিশুর তুলিতে আমাদের পতাকা‘ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা হবে।
এরপর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হবে জাতীয় পতাকা মিছিল। মিছিলের সম্মুখভাগে থাকবে ৪২ ফুট দীর্ঘ জাতীয় পতাকা।
পতাকা মিছিল শেষে অপরাজেয় বাংলার পাদদেশে উৎসবের মূল অনুষ্ঠান উদ্বোধন করবেন ঢাবি উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বক্তব্য রাখবেন ডাকসুর সাবেক ভিপি মুজাহিদুল ইসলাম সেলিম, মাহমুদুর রহমান মান্না এবং সাবেক জিএস মাহবুব জামান। শপথ বাক্য পাঠ করাবেন ডাকসুর সাবেক ভিপি মাহফুজা খানম।
