২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে শিবির নেতার জানাজা বুধবার, বিজিবির টহল

সিলেটে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত মহানগর ছাত্র শিবির নেতা আজগর খান রাহাতের জানাজা বুধবার অনুষ্ঠিত হবে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2013, 05:53 PM

Updated : 25 Apr 2022, 06:25 PM

সকাল ১০টায় নগরীর আলীয়া মাদরাসা মাঠে প্রথম ও বাদ জোহর তার গ্রামের বাড়ি দক্ষিণ সুরমার কায়স্থরাইল স্কুল মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মহানগর শিবিরের সভাপতি আনোয়ারুল ওয়াদুদ টিপু।

এদিকে রাহাতের মৃত্যুকে কেন্দ্র করে নগরীতে জামায়াত-শিবির নাশকতা চালাতে পারে এমন আশঙ্কায় মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে নগরীতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবি ৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শফিউল আজম জানান, নগরীর শান্তিশৃঙ্খলা বজায় ও সব ধরনের নাশকতা রোধে মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে নগরীতে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা টহল শুরু করেছে।

গত ১৬ ফেব্রুয়ারি নগরীর নয়াসড়ক এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হন মহানগর শিবিরের সহ-সমাজসেবা সম্পাদক ও মদন মোহন কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র আজগর খান রাহাত।

রাহাত দক্ষিণ সুরমা উপজেলার কায়স্থরাইলের যুক্তরাষ্ট্র প্রবাসী সোলেমান খানের ছেলে।

গুলিবিদ্ধ হওয়ার পর তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অবস্থার অবনতি হলে ওইদিন বিকালে তাকে এয়ার এ্যাম্বুলেন্সে করে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কয়েক দফা অস্ত্রোপচার হয়।

সোমবার সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।