সরকারের কাছে নিরাপত্তা চাইলেন সিলেটের ব্যবসায়ীরা
সিলেটে ব্যবসায়ীরা তাদের নিজেদের ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন সরকারের কাছে।
মঙ্গলবার বিকালে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতারা এ দাবি জানান।
এতে চেম্বার সভাপতি ফারুক আহমদ মিছবাহ বলেন, গত শুক্রবার সিলেট শহীদ মিনার ও সাংবাদিকদের উপর যারা হামলা করেছে তারা দেশ ও জাতির শত্রু। চেম্বার নেতৃবৃন্দ হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
পাশাপাশি ওইদিন সন্ধ্যায় যারা বিভিন্ন মার্কেট, ব্যাংক, ক্লিনিক, হাসপাতাল ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় তাদেরও শাস্তি দাবি করা হয়েছে সংবাদ সম্মেলনে।
চেম্বার সভাপতি আরো বলেন, “ব্যবসায়ীদের কাছ থেকে ভ্যাট, ট্যাক্স নিতে হলে ব্যবসায়ী ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা সরকারকেই দিতে হবে। নইলে ভ্যাট-ট্যাক্সসহ সকল প্রকার রাজস্ব প্রদান বন্ধ করে দেয়া হবে।”
চেম্বার নেতৃবৃন্দ হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে গণস্বাক্ষর সংগ্রহ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করেন।
