ফৌজদারি কার্যবিধিতে করা একটি আবেদনের শুনানি করে মঙ্গলবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মাহমুদুল হকের বেঞ্চ এই আদেশ দেয়।
আগামী ৩ মার্চ হাজির হয়ে তলবকৃত ওই দুই ব্যক্তিকে ঘটনার ব্যাখ্যা দিতে হবে।
পত্রিকায় প্রকাশিত ঘটনা অনুসারে প্রকৃত দোষীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না, রুলে তা জানতে চেয়েছে আদালত।
একইসঙ্গে বিআরটিএ’র বিধি অনুসারে ওই বাসের চালক নিয়োগে কোনো ব্যর্থতা থাকলে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণের কেন নির্দেশ দেয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়।
দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, ঢাকার জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, বিআরটিএ’র চেয়ারম্যান, সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও গ্রামীণ সেবা পরিবহণের মালিককে রুলের জবাব দিতে বলা হয়েছে।
সকালে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ আবেদনটি দাখিল করেন।
আদালতে মনজিল মোরসেদ নিজেই আবেদনকারী পক্ষে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
মনজিল মোরসেদ পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রামীণ সেবা পরিবহণের মালিককে তার বাসে ড্রাইভার ও হেল্পারের নিয়োগের কাগজপত্র নিয়ে আসতে বলা হয়েছে।
পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সাভারে চলন্ত বাস থেকে শ্লীলতাহানির চেষ্টা করার সময় লাফিয়ে পড়ে গত রোববার এক গৃহবধূর মৃত্যু হয়। পরে ওইদিনই পুলিশ ওই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে। সিঙ্গাইর রোড থেকে গ্রামীণ সেবা পরিবহনের বাসটিও আটক করেছে পুলিশ।
bdnews24