২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ফার্মাসিউটিক্যাল সায়েন্স  বিষয়ে সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রামে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউএসটিসিতে ফার্মাসিউটিক্যাল সায়েন্স  বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2013, 03:21 PM

Updated : 23 Aug 2022, 10:16 AM

মঙ্গলবার সকালে খুলশীতে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে ফার্মেসি বিভাগের আয়োজনে এ সম্মেলন উদ্বোধন করেন জনসেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান এ আই ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো তরুণ শিক্ষার্থীদের বিজ্ঞান গবেষণায় অনুপ্রাণিত করা। আর ফার্মেসি বিষয়টি যেহেতু  বিজ্ঞান গবেষণানির্ভর তাই এমন আয়োজনের বিকল্প নেই।”

বাংলাদেশ বিজ্ঞানচর্চা আর গবেষণায় প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে উল্লেখ করে এ আই ইসলাম বলেন, আন্তর্জাতিক সম্মেলনের এ ধারা ভবিষ্যতেও অব্যহত থাকবে।

ভবিষ্যতের সম্ভাবনাময় ওষুধ শিল্পে বিজ্ঞানমনষ্ক তরুণদের ভূমিকা প্রশংসাজনক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ইউএসটিসি’র উপ-উপাচার্য ড. এ এইচ এম ইসহাক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফার্মেসি অনুষদের সভাপতি ড. কিশোর মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণাগার চট্টগ্রামের পরিচালক  ড. জরিপা বেগম, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (মার্কেটিং) আহমেদ কামরুল আলম ও এলভিয়ন ল্যাবোরেটোরিজের পরিচালক মো. মুনতাহার উদ্দিন।

দিনব্যাপী এ সম্মেলনে গবেষণামূলক প্রবন্ধ উপস্থাপন করেন জাপান, তূরস্ক, পাকিস্তান, ভারত ও বাংলাদেশসহ বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকরা।

এছাড়া সম্মেলনে দেশের ৮০ জন প্রতিভাবান তরুণ বিজ্ঞানী তাদের গবেষণা প্রকাশনা উপস্থাপন করেন।

সম্মেলনে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানির নতুন উদ্ভাবিত পণ্যের কয়েকটি স্টল ছিল।