শিবির সন্দেহে জাবি শিক্ষার্থী আটক
ইসলামী ছাত্র শিবিরের কর্মী সন্দেহে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করে পুলিশে দিয়েছে কর্তৃপক্ষ।
আটক আরিফুল ইসলাম অর্থনীতি বিভাগের ৩৭তম ব্যাচের ছাত্র।
মঙ্গলবার বিকেল ৪টায় তাকে আল বেরুনী (বর্ধিত ভবন) হলের ১১০৬ নম্বর কক্ষ থেকে আটক করে তাকে আশুলিয়া থানায় সোপর্দ করা হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেড় দশক ধরে ইসলামী ছাত্রশিবিরের কার্যক্রম নিষিদ্ধ। ১৯৮৯ সালে শিবিরের হামলায় ছাত্রদল নেতা কবির নিহত হওয়ার পর বিশ্ববিদ্যালয় পরিবার এই সিদ্ধান্ত নেয়।
আটক আরিফের কক্ষ থেকে দৈনিক নয়া দিগন্তের মাসিক প্রকাশনা অন্যদিগন্তের দুটি কপি, ইসলামী ব্যাংক ট্রেনিং সেন্টার ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দুটি সাময়িকী, একটি কম্পিউটার ও একটি ক্যামেরা জব্দ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আরিফের কম্পিউটার থেকে গোলাম আযমের বক্তব্যের একটি ক্লিপ ও অসংখ্য পর্নোগ্রাফির ক্লিপ পাওয়া গেছে।
তিনি জানান, তার রুমমেট নিয়াজ আহমেদের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়।
তবে প্রাধ্যক্ষ আনোয়ার পারভেজ খসরু বরাবর একটি আবেদনপত্রের মাধ্যমে আরিফ নিজেকে নির্দোষ বলে দাবি করেছে।
এর পর এসআই আবুল কালাম আযাদের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে আশুলিয়া থানায় নিয়ে যায়।
