কুষ্টিয়ায় বোমায় আহত ইউএনও আশঙ্কামুক্ত
বোমা হামলায় আহত কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকতা রাজিবুল ইসলাম আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।
সোমবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার অফিসার্স ক্লাব থেকে বাসায় ফেরার পথে ক্লাবের নিকটবর্তী উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ের পাশের রাস্তায় দুর্বৃত্তদের বোমা হামলায় রাজিবুল ও একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়ক তৌহিদুল ইসলাম আহত হন।
বোমার স্প্লিন্টারে মাথা ও শরীরে জখম হওয়া এই দুই কর্মকর্তা কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক তাপস কুমার সরকার বলেন, দুই কর্মকর্তার জখম খুব গুরুতর নয়। প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে। এখন তারা আশঙ্কামুক্ত। তবে এখনই তারা হাসপাতাল ছাড়তে পারবেন না।
কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন ও পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে হামলাকারীদের গ্রেপ্তারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন।
এ বিষয়ে ভেড়ামারা থানার ওসি রিয়াজুল ইসলাম বলেন, কে বা কারা কী কারণে তাদের ওপর এ বোমা হামলা চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার না হলেও অপরাধীদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
এর আগে রাতে তথ্যমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য হাসানুল হক ইনু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সৎ ও অসাম্প্রদায়িক রাজিব ইউএনও হিসেবে এলাকায় ব্যাপক জনপ্রিয়। সীমান্ত এলাকা হওয়ার কারণে যারা অপরাধের সঙ্গে যুক্ত, তারা তাকে অপছন্দ করত। এছাড়া দুর্নীতিতে জড়িতদের অপছন্দের তালিকায় ছিলেন তিনি।
