বইমেলায় বিষাদের ছায়া
কাগজের বই পুড়েছে আগুনে। পুড়েছে অক্ষর। পুড়েছে সৃষ্টিশীল লেখকদের সাধনার জ্ঞান। পুড়ে ছারখার হলো প্রকাশকের লগ্নি করা অর্থও।
বাঁশের বেষ্টনির ভেতরে পোড়া বইয়ের কালো অঙ্গার থেকে অসহায়ের মত তাকিয়ে আছে ‘আধপোড়া’ কিছু বই। উল্টোপাশে আফসার ব্রার্দাস ও খান ব্রাদার্স এর নম্বর প্লেট ও সাইনবোর্ডের নাম ফলক আগুনের উত্তাপে গলে গেছে।
রোববার রাতে আগুনের ভয়ংকর জিভের আঁচড় যেখানে লেগেছিলো সেই পাশে পাঠক সমাবেশের বিক্রয়কর্মিরা তাদের পোড়া স্টলকে ধুয়েমুছে পরিস্কার করছিলেন। তার ঠিক পাশেই দাঁড়িয়ে ছিলেন শিরীন পাবলিকশন্স এর প্রকাশক মামুন খান ইউসুফজী। তার চোখ অশ্রুসজল।
এ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিষাদমাখা কণ্ঠে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছয় লাখ টাকার মত বই পুড়েছে আমার। এই ক্ষতি অপূরণীয়।
“সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ এসেছিলেন। তিনি ক্ষতিপূরণের আশ্বাস দিয়ে গেছেন। বাংলা একাডেমী তদন্ত কমিটি করবে বলছে। কিন্তু এটাতো শুধু আর্থিক ক্ষতি নয়। এবার আমার প্রকাশনীর সমস্ত বই ছিলো স্টলে। সব পুড়ে গেছে।”
আরেকজন প্রকাশক জানালেন, টাকার বিনিময়ে কাগজ কিনেছিলেন, কাগজ বিক্রি করে আবার টাকা তুলবেন ঘরে এই প্রত্যাশায়। এখন সেই কাগজ পুড়ে ছাই।
রোববার রাত একটার দিকে বাংলা একাডেমী প্রাঙ্গণে অমর একুশের গ্রন্থমেলার একটি অংশে আগুন লেগে ২৫টি প্রকাশনা সংস্থার স্টল পুড়ে যায়।
বৈদ্যুতিক গোলোযোগ থেকে এ অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে বলে ফায়ার সার্ভিসের ধারণা। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনাকে নাশকতা বলে মনে করছেন প্রকাশকদের অনেকেই।
সোমবার বেলা তিনটায় মেলার ফটক খুলে দেওয়ার পরপরই মেলা প্রাঙ্গনে ঢুকতে শুরু করেন উৎসুক দর্শনার্থী ও বইপ্রেমীরা। তারা সবাই ভিড় করেন বাংলা একাডেমীর নতুন ভবনের পাশে যে স্থানটিতে আগুনে পুড়েছে ২৫ টি প্রকাশনীর স্টল সেখানটায়। ‘ধীরেন্দ্রনাথ চত্বর’ নামের মেলার এই অংশে এখন শুধুই ছাই আর ছাই।
এদিকে বাংলা একাডেমী সূত্র জানায়, রোববার রাতের আগুনে পুড়ে যাওয়া স্টলের মধ্যে ২৫টি বেসরকারি প্রকাশনা সংস্থা ও দুটি সরকারি প্রতিষ্ঠান। বেসরকারি প্রকাশনা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- রূপ প্রকাশনী, সিদ্দিকীয়া, শিরীন, পারিজাত, বর্ণবিচিত্রা, শূর্ধণ্য, মুক্তদেশ, গদ্যপদ্য, পলল, পলাশ, জয়তী, কিশোর ভূবন, চারুলিপি, কাশবন, দি রয়েল পাবলিকেশনস, ঘাস ফুল নদী, নিমফিয়া, ঐক্য, গাজী প্রকাশনী, জ্যোস্না, শৈলী, গতি, পাঠক সমাবেশ, বিউটি বুক হাউস ও হাসি প্রকাশনী।
পাঁচ মিনিট স্তব্ধ মেলা
রোববার রাতের অগ্নিকাণ্ডের ঘটনায় সোমবার বিকালে বাংলা একাডেমী প্রাঙ্গণে পাঁচ মিনিটের জন্য নীরবতা পালন করা হয়।
পূর্ব ঘোষণা অনুযায়ী আগুনে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে বিকেল সাড়ে পাঁচটা থেকে পাঁচটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত নীরবতা পালন করা হয়। এসময় প্রকাশক ও বিক্রেতারা বিক্রি বন্ধ করে দাঁড়িয়ে নীরবতা পালন করেন। এরপরই ক্ষতিপূরণের দাবিতে একটি মৌন মিছিল বের করেন ক্ষতিগ্রস্ত প্রকাশক ও স্বত্ত্বাধিকারীরা।
এ প্রসঙ্গে ভাষাচিত্রের খন্দকার মনিরুল ইসলাম বলেন, “আমার ভাইয়ের স্টল আগুনে পুড়ে গেছে, আর আমি দেদারসে বিক্রি করছি। এটা মেনে নিতে কষ্ট হচ্ছে। ব্যবসায়িক কারণে পুরো দিন বন্ধ করতে না পারলেও পাঁচ মিনিট বিক্রি বন্ধ করে তাদের প্রতি আমাদের সমবেদনা জানিয়েছি।”
তদন্ত কমিটির কাজ শুরু
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রকাশনা সংস্থাগুলোর ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য মেলা কমিটির সদস্য সচিব ও বাংলা একাডেমীর পরিচালক শাহিদা খাতুনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
এই কমিটিতে আছেন একাডেমীর প্রধান গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) মোবারক হোসেন, মেলা কমিটির সদস্য হাসান আরিফ, ফরিদ আহমেদ ও আলমগীর শিকদার লোটন।
এই কমিটি ইতিমধ্যে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন কমিটির সদস্য ফরিদ আহমেদ (প্রকাশক, সময় প্রকাশন)।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা এরই মধ্যে একটি সভা করেছি। এই সভায় উপস্থিত ছিলেন আগুনে পুড়ে যাওয়া স্টলগুলোর বেশ কয়েকজন প্রকাশক।তাদের সঙ্গে মত বিনিময় শেষে সিদ্ধান্ত হয়েছে ক্ষতিগ্রস্তরা মঙ্গলবার বিকাল পাঁচটার মধ্যে তাদের ক্ষয়ক্ষতির প্রতিবেদন জমা দেবেন।
“এরপর আমরা সন্ধ্যায় সেই প্রতিবেদন নিয়ে চূড়ান্ত সভা করবো। এরপর বুধবার এই প্রতিবেদনের ভিত্তিতে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি চূড়ান্ত করা হবে।”
ফরিদ আহমেদ আরো জানান, ক্ষয়ক্ষতির প্রেক্ষিতে সুপারিশ প্রণয়ন ও বাস্তবায়নসহ সার্বিক প্রতিবেদন প্রণয়নের জন্য মেলা কমিটির সদস্য ও বাংলা একাডেমীর পরিচালক (গসফো) অপরেশ কুমার ব্যানার্জীকে আহ্বায়ক করে ৬ সদস্যবিশিষ্ট আরেকটি কমিটি গঠন করা হয়েছে।
এছাড়া অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনে বাংলা একাডেমীর সচিব মোহাম্মদ আলতাফ হোসেনকে আহ্বায়ক করে ৬ সদস্যের একটি কারিগরি কমিটি গঠন করা হয়। এই কমিটি স্বাক্ষ্য-প্রমাণ সাপেক্ষে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে অগ্নিকাণ্ডের কারণ বিষয়ে বিশেষজ্ঞ মতামত দেবে।
আগামী তিন দিনের মধ্যে এই কমিটিকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।এই কমিটিও শিঘ্রই কাজ শুরু করবে।
প্রকাশকদের সংবাদ সম্মেলন
এদিকে, ক্ষতিগ্রস্ত প্রকাশকদের সঙ্গে সংহতি প্রকাশ করে মঙ্গলবার বিকালে সংবাদ সম্মেলন ডেকেছে প্রকাশকদের সব কয়টি সমিতি। তারা জানায়, মঙ্গলবার বিকেল পাঁচটায় মেলার তথ্যকেন্দ্রের সামনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সোমবারের মেলা
অগ্নিকাণ্ডের পরও মেলায় সোমবার ভালোই বিক্রি হয়েছে বলে জানা গেছে। প্রকাশকরা জানালেন, মেলার এখন শেষ সময় । এ সময় প্রত্যেকবারই ভালো বিক্রি হয়। এবারো তার ব্যতিক্রম হয় নি। তবে আগুনে ২৭টি স্টল পুড়ে যাওয়ায় এ বিক্রিতে আনন্দ নেই।
অবসর প্রকাশনীর ব্যবস্থাপক মাসুদ রানা বলেন, “এর আগে মেলায় যেমন বিক্রি হয়েছে, আজো তেমটি হয়েছে। তবে আগুনে যাদের স্টল পুড়ে গেছে তাদের জন্য খারাপ লাগছে।”
শব্দশিল্পের শরিফুর রহমান বলেন, রোববার যেমন বিক্রি হয়েছিল, আজ তার চেয়ে কিছুটা ভালো বিক্রিবাট্টা।
অন্যপ্রকাশের বিক্রয়কর্মী শিশির জানালেন, বিক্রিবাট্টা তাদের বেশ ভালোই হচ্ছে। বইপ্রেমীরা আগের মতোই মেলায় ভিড় করছেন।
প্রবাসী লেখক পুরস্কার
এদিন মেলার মূলমঞ্চে দেয়া হয় বাংলা একাডেমী প্রবাসী লেখক পুরস্কার ২০১২। কথাশিল্পী সালেহা চৌধুরী এবং ডা. মাসুদ আহমেদকে সাহিত্যে বিশেষ অবদানের জন্য বাংলা একাডেমী প্রবাসী লেখক পুরস্কার ২০১২ প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. আনিসুজ্জামান।
নতুন বই
বাংলা একাডেমীর সমন্বয় ও জনসংযোগ উপবিভাগ থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, সোমবার মেলার ২৫তম দিনে ৭৭টি নতুন বই এসেছে। এর মধ্যে গল্প ১৪টি, উপন্যাস ১৩টি, প্রবন্ধগ্রন্থ ৬টি, কবিতার বই ১৮টি, গবেষণাগ্রন্থ ৩টি, ছড়ার বিই ৫টি, শিশুসাহিত্য ১টি, জীবনীগ্রন্থ ১টি, মুক্তিযুদ্ধ বিষয়ক ২টি, নাটক ১টি, ইতিহাস ১, রাজনীতি ১টি, রম্য/ধাঁধা ১, অনুবাদগ্রন্থ ২টি এবং অন্যান্য বিষয়ের উপর ৮টি বই।
এছাড়া, এদিন মেলার নজরুল মঞ্চে ১৫টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
মূল মঞ্চের আয়োজন
সোমবার বিকেলে মেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় ‘চারুশিল্পের অগ্রপথিক ও কীর্তিমান শিল্পপুরুষ রশিদ চৌধুরী’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন কবি ও শিল্পসমালোচক রবিউল হুসাইন। আলোচনায় অংশ নেন চিত্রশিল্পী রফিকুন নবী, স্থপতি সামসুল ওয়ারেস এবং চিত্রসমালোচক মঈনুদ্দীন খালেদ। সভাপতিত্ব করেন শিল্পী কাইয়ুম চৌধুরী।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন মালবিকা দাশ, শিমু দে, আবদুল আলিম, মাহবুবা রহমান, ইফফাত আরা নার্গিস, মঙ্গল চন্দ্র মণ্ডল, দীপা চৌধুরী এবং মো. মুরাদ হোসেন বাদল।
মঙ্গলবারের আয়োজন
মঙ্গলবার বিকালে মেলার মূল মঞ্চে ‘বাংলাদেশ জাতীয় জাদুঘরের শতবর্ষ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করবেন ফিরোজ মাহমুদ। আলোচনায় অংশ নেবেন সাইফুদ্দীন চৌধুরী, প্রকাশ চন্দ্র দাস এবং হাশেম সূফী।
সভাপতিত্ব করবেন অধ্যাপক আবদুল মমিন চৌধুরী। সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
