শ্রমিক অসন্তোষ, ৪ পোশাক কারখানা বন্ধ
বিভিন্ন কারণে অব্যাহত শ্রমিক অসন্তোষের জের ধরে গাজীপুরের কাশিমপুরে চারটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
সোমবার তৃতীয় দিনের মতো বিক্ষোভ করার সময় কটন ক্লাব বিডি, আলিম নীট ওয়্যার বিডি ও মনটেক্স গার্মেন্টসের শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।
টানা তিন দিন শ্রমিক অসন্তোষের পর বিকালে কর্তৃপক্ষ ওই কারখানা তিনটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করে।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক সেলিম খান সাংবাদিকদের জানান, কিছুদিন ধরে বেতন-বোনাস বৃদ্ধি, ছাঁটাই-নির্যাতন বন্ধসহ ৮ দফা দাবি নিয়ে কারখানা তিনটির শ্রমিকরা বিক্ষোভ করছিল।
কারখানা বন্ধ হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশংকায় ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
একই এলাকার দুলাল ব্রাদার্স লিমিটেড নামের অন্য একটি পোশাক কারখানার শ্রমিকরা প্রফিট শেয়ার দেয়ার দাবিতে সোমবার সকাল থেকে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে।
কর্তৃপক্ষের সঙ্গে এ নিয়ে মতবিরোধ দেখা দিলে দুপুরে শ্রমিকরা রাস্তায় নেমে আসে। এসময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
বিকালে এ কারখানাটিও অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করে নোটিশ দেয়া হয়।
