২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনার দুই বধ্যভূমিতে গণমঞ্চের মহাসমাবেশ

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে খুলনার ‘নির্দলীয় গণমঞ্চ’ থেকে আগামী ১ মার্চ এবং ৮ মার্চ দুটি মহাসমাবেশের ঘোষণা দেয়া হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2013, 04:12 PM

Updated : 23 Aug 2022, 10:16 AM

রোববার রাতে এক সংবাদ সম্মেলনে গণমঞ্চের আহ্বায়ক সাইফুল ইসলাম বাপ্পী এ কর্মসূচি ঘোষণা দেন।

১ মার্চ বিকাল সাড়ে ৩টায় গল্লামারী বধ্যভূমিতে মহাসমাবেশ, ৮ মার্চ চুকনগর বধ্যভূমিতে একই সময়ে মহাসমাবেশ হবে।

প্রতি শনিবার বিকাল ৩টা থেকে শিববাড়ি মোড়ে অবস্থান কর্মসূচি ও জমায়েত অনুষ্ঠিত হবে।

এছাড়া খুলনা বিভাগের বিভিন্ন জেলা ও থানার শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিটি মহল্লার মোড়, প্রতিটি গ্রামে-গ্রামে গণসংযোগ কর্মসূচি অব্যাহত রাখবে গণমঞ্চ।

টানা ১৮ দিন ধরে শিববাড়ি মোড়ে চলা নির্দলীয় গণমঞ্চের অবস্থান রোববার রাত ৯টার দিকে শেষ হয়। এ আন্দোলন সর্বত্র ছড়িয়ে দেয়ার জন্যই নতুন এ কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে ৯ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিসমূহের মধ্যে রয়েছে- জাতীয় পতাকায় অগ্নিসংযোগ ও শহীদ মিনার ভাঙচুরের জন্য দায়ী জামায়াত-শিবিরের সন্ত্রাসীদের ২৮ ফেব্রুয়ারির মধ্যে গ্রেফতার, ২৫ মার্চের মধ্যে যুদ্ধাপরাধীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ এবং তাদের বিচারের আওতায় আনা, আপিল বিভাগে দ্রুত রায় প্রদান নিশ্চিত করা, ২৫ মার্চের মধ্যে মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী জামায়াত-শিবির এবং তাদের অঙ্গ-সংগঠন ও গণমাধ্যম নিষিদ্ধ করা, ২৮ মার্চের মধ্যে রাজীব হায়দার ও জাফর মুন্সী হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা ও যথাযথ শাস্তি প্রদান, দেশের বাইরে অবস্থানরত যুদ্ধাপরাধীদের ফিরিয়ে আনতে কুটনৈতিক তত্পরতা এবং দেশে থাকা যুদ্ধাপরাধীরা যাতে পালিয়ে যেতে না পারে তার প্রয়োজনীয় ব্যবস্থা করা, জামায়াত-শিবির ও যুদ্ধাপরাধীদের বিভিন্ন ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান, ইসলামী ব্যাংক, ইবনে সিনা, ফোকাস এবং রেটিনা কোচিংসহ সব ব্যবসা প্রতিষ্ঠান ও দেশী-বিদেশী আয়ের উত্স নিষিদ্ধ করা, দেশের যে সমস্ত ভবন, সড়ক ও স্থাপনা চিহ্নিত যুদ্ধাপরাধীদের নামে পরিচিত অবিলম্বে সেগুলোর নাম পরিবর্তন করে ঐতিহাসিক ও জাতীয় গৌরবময় বিষয়বস্তুর সাথে সঙ্গতি রেখে নতুন নামকরণ করা, যে সব গণমাধ্যমে যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করার জন্য সমগ্র জাতির এই গণজাগরণকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা হিসেবে অসত্য ভুল ও বানোয়াট সংবাদ পরিবেশিত হয়েছে তার বিপক্ষে সরকারিভাবে উপযুক্ত তথ্য-প্রমাণসহ আনুষ্ঠানিক প্রতিবাদ জ্ঞাপন করতে হবে।