রাঙামাটিতে কিশোরী ধর্ষণের শিকার
রাঙ্গামাটির বাঘাইছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।
রোববার গভীর রাতে বাঘাইহাট বাজার থেকে মামুন (১৯) নামের ওই যুবককে আটক করা হয়।
ডাক্তারি পরীক্ষার জন্য সোমবার সকালে ওই কিশোরীকে রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
কিশোরীর পরিবারের বরাত দিয়ে বাঘাইছড়ি থানার ওসি রফিকউল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার বিকালে বাঘাইছড়ির সাজেক ইউনিয়নের নাকশাছড়ির পাশের টাইগার টিলা এলাকায় ওই কিশোরীকে একা পেয়ে মামুন ধর্ষণ করে।
মেয়েটি বাড়ি গিয়ে বিষয়টি পরিবারের সদস্যদের জানায়।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, ওইদিনই সন্ধ্যায় মেয়েটির চাচা বাঘাইছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
এদিকে দোষী যুবকের শাস্তির দাবিতে সোমবার সকালে ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সংগঠণ যুব ফোরাম এবং পাহাড়ি ছাত্র পরিষদ বিক্ষোভ সমাবেশ করেছে।
