চট্টগ্রামে জামায়াতের সাংসদের বিরুদ্ধে মামলা
চট্টগ্রামে একটি স্থানীয় দৈনিকের সম্পাদকের উপর হামলার অভিযোগে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শামসুল ইসলামসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
রোববার রাতে দৈনিক সাঙ্গু পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার শুভ্রাশিষ দাস গুপ্ত রনি বাদি হয়ে সাতকানিয়া থানায় মামলাটি করেন।
সাতকানিয়া থানার ওসি মোহাম্মদ ইসমাইল মামলার বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।
মামলায় চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির ও সাতকানিয়ার সংসদ সদস্য আ ন ম শামসুল ইসলাম, সাবেক সাংসদ জামায়াত নেতা শাজাহান চৌধুরীসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে আরো ১৪ জনকে।
রোববার সকাল ৭টার দিকে চট্টগ্রাম-বান্দরবান সড়কের বাজালিয়া বাজারে সাঙ্গু পত্রিকার সম্পাদক কবির আহমদ সিদ্দিকীর উপর জামায়াত ও ছাত্রশিবিরের কর্মীরা হমলা চালায় বলে মামলায় অভিযোগ করা হয়।
বাদি শুভ্রাশিষ বলেন, জামায়াত শিবিরের বিরুদ্ধে সংবাদ পরিবেশন করায় সাঙ্গু পত্রিকার সম্পাদকের উপর হামলা হয়। তিনি এখন একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
