২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে অগ্নিদগ্ধ হয়ে মৃত সুমন ছাত্রলীকর্মী

জেলা শহরে ১৪ দলের নেতাকর্মীদের সঙ্গে জামায়াত সমর্থকদের সংঘর্ষের সময় অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া সুমন সাহা (২৭) ছাত্রলীগকর্মী বলে জানা গেছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2013, 01:27 PM

Updated : 23 Aug 2022, 10:15 AM

শনিবার বিকালে জামায়াত-শিবিরকর্মীরা তাকে একটি কম্পিউটার সেন্টারে আটকে রেখে ‘বিস্ফোরণ’ ঘটিয়ে আগুন ধরিয়ে হত্যা করে বলে ছাত্রলীগের পক্ষ থেকে দাবি করা হয়।

সুমন বাসাইল উপজেলার ভোরপাড়ার জয় সাহার ছেলে।

এ ঘটনায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ রাজিব বাদী হয়ে জামায়াত-শিবিরের অজ্ঞাত পরিচয় ৭০/৮০ জনকে আসামি করে শনিবার রাতে টাঙ্গাইল মডেল থানায় মামলা করেছেন।

সুমন সাহা ছাত্রলীগকর্মী বলেও তিনি দাবি করেন।

টাঙ্গাইর মডেল থানার ওসি মো. নজরুল ইসলাম মামলার বরাত দিয়ে বলেন, শনিবার বিকালে ১৪ দলের শান্তিপূর্ণ মিছিল শহরের মেইন রোড থেকে শুরু হয়ে ভিক্টোরিয়া রোডে জামায়াত-শিবির পরিচালিত কসমস কম্পিউটার সিস্টেম এর কাছে পৌঁছলে সেখান থেকে ৭০/৮০ জন জামায়াত-শিবির সমর্থক তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।

এ সময় ছাত্রলীগকর্মীরা এগিয়ে গেলে জামায়াত-শিবিরের লোকজন ‘মারাত্মক’ বিস্ফোরণ ঘটায়।

এতে মারাত্মক অগ্নিদগ্ধ হন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সহিদ সিদ্দিকী, শুভ, বাবু, শুভ, রবিন, দ্বীপোজ্জ্বল দে সরকার, সবুজ ও সৌরভ অগ্নিদগ্ধ হয়ে মারাত্বক আহত হয়।

অভিযোগে আরো বলা হয়, জামায়াত-শিবিরের সমর্থকরা সুমন সাহাকে ভেতরে আটকে রেখে ‘পুনরায় বিস্ফোরণ’ ঘটালে অগ্নিদগ্ধ হয়ে সেখানেই তার মৃত্যু হয়।

ওসি বলেন, বিস্ফোরণের বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় প্রকৃত জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তরের চেষ্টা চলছে।

এ ব্যাপারে সাবেক ছাত্রশিবির নেতা কসমস কম্পিউটার সিন্টেমের স্বত্বাধিকারী শওকত হোসেন ইমরান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা কোনো বিস্ফোরণ ঘটাননি। মিছিলকারীরাই পেট্রোল ঢেলে তার প্রতিষ্ঠানে আগুন দিয়েছেন। 

শনিবার বিকালে শহরের ভিক্টোরিয়া রোডের কসমস কম্পিউটার সেন্টারে আগুন দেয়া হয়। অগ্নিদগ্ধ হয়ে এতে সুমন মারা যান। আহত হন আট জন।

আহতদের মধ্যে চার জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় চার জনকে।