নেত্রকোনায় আমার দেশ, নয়াদিগন্ত ও সংগ্রাম ছিনিয়ে নিল বিক্ষুব্ধরা
নেত্রকোনায় দৈনিক আমার দেশ, নয়াদিগন্ত ও সংগ্রাম পত্রিকার সব কপি ছিনিয়ে নিয়েছে এক দল তরুণ, ধর্মীয় উস্কানির অভিযোগ এনে এই সংবাদপত্রগুলো বন্ধের দাবি জানিয়ে আসছে শাহবাগের গণজাগরণ মঞ্চ।
রোববার সকাল ৮টার দিকে পত্রিকাগুলো পরিবেশকের দোকানে পৌঁছানোর পরপর একদল হঠাৎ দোকানে ঢুকে পত্রিকার বাণ্ডিলগুলো ছিনিয়ে নেয় বলে জানান ওই দোকানের ব্যবস্থাপক আবু সিদ্দিক।
তিনি বলেন, “এ সময় উত্তেজিতরা বলছিল, পত্রিকাগুলোতে ধর্মীয় উস্কানিমূলক খবর ছাপা হয়। তাই নেত্রকোনায় আর কখনো এই পত্রিকাগুলো বিক্রি করতে দেয়া হবে না।”
অপপ্রচার চালিয়ে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি এবং হামলা-ভাংচুরের অভিযোগে শনিবার আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে রাজধানীতে পাঁচটি মামলা হয়েছে।
উস্কানিমূলক খবর প্রকাশের জন্য তাকে গ্রেপ্তারেরও দাবি জানিয়েছে শাহবাগের গণজাগরণ মঞ্চও।
দৈনিক সংগ্রাম জামায়াতে ইসলামীর মুখপত্র, যে দলটি নিষিদ্ধের দাবি রয়েছে গণজাগরণ মঞ্চের।
নয়া দিগন্তের মালিকরা জামায়াত সংশ্লিষ্ট দাবি করে এই পত্রিকাটি নিষিদ্ধের দাবি জানানো হচ্ছে।
এদিকে, ইসলামী ও সমমনা ১২ দলের রোববারের হরতালে নাশকতা সৃষ্টির আশঙ্কায় নেত্রকোনার কেন্দুয়া ও মদন উপজেলা থেকে শনিবার রাতে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের পাঁচ কর্মীকে আটক করেছে পুলিশ।
কেন্দুয়া থানার ওসি অভি রঞ্জন দেব বলেন, নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে পারে সন্দেহে তাদের আটক করা হয়েছে।
আটকরা হলেন, সাইফুল ইসলাম (২৬), তারেক মিয়া (১৮), শামীম আহম্মেদ (১৯), পিয়াস (২০) ও আবু তাহের আজাদ।
