জাগরণের মিছিলে হাজারো মানুষ
হরতালকারীরা মাঠে না থাকলেও এই কর্মসূচি প্রতিরোধের আহ্বানে সাড়া দিয়ে গণজাগরণ মঞ্চের মিছিলে যোগ দিয়েছে হাজার হাজার মানুষ।
শাহবাগবিরোধী ইসলামী কয়েকটি দলের ডাকা হরতাল প্রত্যাখ্যান করে রোববার সারাদেশেই মিছিল হচ্ছে বলে খবর পাওয়া গেছে।
শাহবাগে প্রজন্ম চত্বর থেকে সকাল পৌনে ১০টার দিকে মিছিল শুরু হয়। মিছিলের অগ্রভাগে থাকেন প্রগতিশীল ছাত্র ও সাংস্কৃতিক সংগঠনগুলোর নেতারা।
আন্দোলনের ২০তম দিনে ভোর থেকে স্লোগান শুরু হওয়া প্রজন্ম চত্বরে সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে জড়ো হয়।
শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া সকালে এই সমাবেশে সংহতি জানান।
গণজাগরণ মঞ্চের এই মিছিলটি মৎস্য ভবন, প্রেসক্লাব হয়ে পল্টন পেরিয়ে দৈনিক বাংলা মোড় পর্যন্ত গিয়ে মোড় ঘোরে।
গত শুক্রবার জুমার নামাজের পর পল্টন থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত এলাকায় জামায়াত-শিবিরের তাণ্ডব চলে।
সকাল পৌনে ১১টার দিকে মিছিলটি পুনরায় শাহবাগে ফেরে, গত ৫ ফেব্রুয়ারি থেকে যা সারাদেশের আন্দোলনের কেন্দ্রস্থল।
গণজাগরণ মঞ্চের মিছিলে যুদ্ধাপরাধী, জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ ও হরতালবিরোধী স্লোগান দেয়া হয়।
শনিবার বিকালে রায়েরবাজার বধ্যভূমিতে যুদ্ধাপরাধীদের প্রতিরোধের শপথ নেয় গণজাগরণ মঞ্চের আন্দোলনকারীরা।
এরপর শাহবাগ ফিরে রাত ১০টার দিকে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার ঘোষণা দেন আন্দোলন চালিয়ে যাওয়ার।
ধর্মভিত্তিক ১২টি দলের হরতাল প্রতিহতের ঘোষণা দিয়ে ইমরান দেশবাসীর প্রতি তাদের হরতাল প্রত্যাখ্যানের আহ্বান জানান।
তিনি বলেন, “তাদের হরতাল প্রত্যাখ্যানে রাজপথে নেমে আসুন। সকাল ৮টার মধ্যে রাজপথে গণমিছিল বের করে জানিয়ে দিন এই হরতাল দেশবাসী মানে না।”
তার এই আহ্বানে রোববার সকাল থেকে রাজধানীসহ সারাদেশে ‘যুদ্ধাপরাধীদের ফাঁসি’ দাবিতে মিছিল দেখা যাচ্ছে।
অন্যান্য দিনের মতোই শাহবাগের প্রজন্ম চত্বরে স্লোগান অব্যাহত রয়েছে। অধিকাংশ মিছিলে গেলেও একটি অংশ প্রজন্ম চত্বরে থেকে স্লোগান চালিয়ে যাচ্ছিলেন।
মিছিল শাহবাগে ফেরার পর নতুন উদ্যমে শুরু হয় স্লোগান। বিভিন্ন স্থান থেকে মানুষ এসে প্রজন্ম চত্বরে জড়ো হচ্ছেন।
এদিকে প্রজন্ম চত্বরের মিডিয়া সেলে যুদ্ধারাধীদের ফাঁসি ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে গণসাক্ষর কর্মসূচি অব্যাহত রয়েছে, যেখানে ভিড় করে স্বাক্ষর দিচ্ছেন বিভিন্ন বয়সের মানুষ।
