তাণ্ডবের প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাবে সমাবেশ
চট্টগ্রাম প্রেসক্লাব ও জাগরণমঞ্চে ভাংচুর এবং সাংবাদিকদের ওপর হামলার জন্য ‘স্বাধীনতাবিরোধী শক্তি’ জামায়াত-শিবিরকে দায়ী করে বিক্ষোভ সমাবেশ করেছেন সাংবাদিকরা।
শনিবার বেলা ১২টার দিকে চট্টগ্রাম প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের আয়োজনে প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি হয়।
শুক্রবার জুমার নামাজ শেষে আন্দরকিল্লা মোড়ে জামায়াত-শিবিরের নেতৃত্বে কয়েকটি ইসলামী সংগঠন সাংবাদিকদের ওপর হামলা করে। পরে তারা মিছিল নিয়ে প্রেস ক্লাব ও গণজাগরণ মঞ্চে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
সাংবাদিক ও প্রেসক্লাবে হামলার জন্য স্বাধীনতাবিরোধী চক্রকে দায়ী করে প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস সমাবেশে বলেন, “চট্টগ্রাম প্রেসক্লাব মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। এজন্য মুক্তিযুদ্ধের বিরোধীরা এ হামলা চালিয়েছে।”
হামলার সময় দায়িত্বরত পুলিশ সদস্যদের ভূমিকা ‘সন্দেহজনক’ বলেও উল্লেখ করেন তিনি।
সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল আলম বলেন, “জামায়াত-শিবির ও মৌলবাদী গোষ্ঠী প্রেসক্লাব ও সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে।”
হামলার সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা দৌঁড়ে পালিয়ে যায় অভিযোগ করে তিনি বলেন, “এ ধরনের পুলিশদের রাষ্ট্রের বেতন-ভাতা ভোগ করার কোনো অধিকার নেই।”
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী বলেন, “তৌহিদী জনতার নামে স্বাধীনতাবিরোধী চক্র এ হামলার মাধ্যমে দুঃসাহস দেখিয়েছে। এ হামলায় সাংবাদিকদের জীবন ঝুঁকিপূর্ণ হতে চলেছে। আগামীতে তারা প্রেসক্লাবে বোমা হামলাও চালাতে পারে।”
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগসহ সারা দেশে গণজোয়ার এবং যুদ্ধাপরাধের বিচার বানচাল করার লক্ষ্যেই জামায়াত-শিবির কর্মীরা শুক্রবার হামলা চালায় বলে তিনি মন্তব্য করেন।
অন্যদের মধ্যে প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, যুগ্ম সম্পাদক কাজী মহসিন, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার ও শাসসুল ইসলাম বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন।
শুক্রবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে হামলা
প্রেসক্লাব ও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ এবং যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে ‘সুপ্রভাত সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি সেন্টার’ নামের একটি সংগঠন সকালে মানববন্ধন করে।
এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা হামলার জন্য দায়ী ‘জামায়াত-শিবির’ কর্মীদের গ্রেপ্তারের দাবি জানান।
শুক্রবার জুমার নামাজের পর চট্টগ্রামে কয়েকটি ইসলামী সংগঠনের নামে জঙ্গি মিছিল থেকে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গড়া গণমঞ্চ, প্রেস ক্লাব ও সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়। পুলিশ বলছে, এ ঘটনার পেছনে জামায়াতে ইসলামীর প্রত্যক্ষ ইন্ধন ছিল।
দফায় দফায় হামলায় দুই পুলিশ ও ১০ সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হন। মিছিলকারীরা পুলিশের দুটি মোটর সাইকেলও ভাংচুর করে।
এসব ঘটনায় ইসলামী ছাত্র শিবিরের নগর উত্তর শাখার সভাপতিসহ সাড়ে তিন হাজার জনকে আসামি করে দুটি মামলা করেছে পুলিশ।
