চট্টগ্রামে শিবির সভাপতিসহ সাড়ে ৩ হাজার আসামি
চট্টগ্রামে গণজাগরণ মঞ্চ, প্রেসক্লাবসহ বিভিন্ন স্থানে হামলা, সহিংসতার ঘটনায় ইসলামী ছাত্র শিবিরের নগর উত্তর শাখার সভাপতিসহ সাড়ে তিন হাজার জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।
কোতয়ালী থানার এস আই বেলাল উদ্দিন শুক্রবার রাতে সন্ত্রাস দমন আইন ও দ্রুত বিচার আইনে নগরীর কোতয়ালী থানায় মামলা দুটি দায়ের করেন।
ওসি মহিউদ্দিন সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ত্রাস দমন অধ্যাদেশের আওতায় দায়ের করা মামলায় পুলিশের ওপর হামলা, কাজে বাধাদান, অগ্নিসংযোগ, ভাংচুরের অভিযোগ আনা হয়েছে।
ইসলামী ছাত্রশিবিরের মহানগর উত্তর শাখার সভাপতি মশরুর হোসাইনসহ ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ‘বহু’ লোককে এতে আসামি করা হয়েছে।
আর দ্রুত বিচার আইনের মামলায় শিবির নেতা মশরুরসহ ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় সাড়ে তিন হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।
ওসি জানান, শুক্রবার দুপুরে সংঘর্ষের সময় এবং রাতে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, যাদের সবাই শিবিরের কর্মী।
শুক্রবার জুমার নামাজের পর চট্টগ্রামে কয়েকটি ইসলামী সংগঠনের নামে জঙ্গি মিছিল থেকে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গড়া গণমঞ্চ, প্রেস ক্লাব ও সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়। পুলিশ বলছে, এ ঘটনার পেছনে জামায়াতে ইসলামীর প্রত্যক্ষ ইন্ধন ছিল।
দফায় দফায় হামলায় দুই পুলিশ ও ১০ সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হন। মিছিলকারীরা পুলিশের দুটি মোটর সাইকেলও ভাংচুর করে।
এই হামলার প্রতিবাদে শনিবার বিক্ষোভ সমাবেশ করেন সাংবাদিকরা। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) ও চট্টগ্রাম প্রেসক্লাব যৌথভাবে এ বিক্ষোভ সমাবেশের ডাক দেয়।
