২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পতাকা অবমাননা: চাঁদপুরে দুই মামলায় আসামি ১২ শ’

জঙ্গি মিছিল নিয়ে জাতীয় পতাকা অবমাননা, গণজাগরণ মঞ্চ ভাংচুর এবং পুলিশের ওপর হামলার ঘটনায় চাঁদপুরে ১২ শতাধিক লোকের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2013, 04:18 AM

Updated : 25 Apr 2022, 06:24 PM

শুক্রবার রাতে চাঁদপুর সদর মডেল থানার এসআই মাহবুবুর রহমান মোল্লা মামলা দুটি দায়ের করেন।

দুই মামলাতে মোট ২৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো ১২ শতাধিক লোককে আসামি করা হয়।

শুক্রবার রাতভর অভিযান চালিয়ে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খলিলুর রহমান গাজীসহ ৪২ জনকে আটক করেছে পুলিশ।

এসআই মাহবুবুর রহমান জানান, এদের মধ্যে ১০ জনকে হামলা-সংঘর্ষের সময় এবং বাকিদের রাতে আটক করা হয়। তাদের অধিকাংশই জামায়াত-শিবিরের কর্মী।

ঘটনার সময় তোলা ছবি ও ভিডিও দেখে জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে বলে সদর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

শুক্রবার জুমার পর কয়েকটি ইসলামপন্থী দলের ব্যানারে চাঁদপুর শহরের শপথ চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের পর পুলিশের ওপর অতর্কিত হামলা হয়। এক পর্যায়ে মিছিলকারীরা শপথ চত্বরে গণজাগরণ মঞ্চ ভাংচুর করে এবং জাতীয় পাতাকা ছিড়ে পদদলিত করে বলেও মামলায় বলা হয়। 

এ সময় সংঘর্ষ শুরু হলে ১০ পুলিশসহ অর্ধশতাধিক লোক আহত হন। ঘণ্টাব্যাপী সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশকে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করতে হয়।