২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাকা চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সাক্ষীর মৃত্যু

মানবতাবিরোধী অপরাধের জন্য যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলায় রাষ্ট্রপক্ষের এক সাক্ষী মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2013, 06:47 PM

Updated : 23 Aug 2022, 10:15 AM

মুক্তিযোদ্ধা ওয়াহেদুল আলম জুনু ছিলেন সাকা চৌধুরীর বিরুদ্ধে দেয়া রাষ্ট্রপক্ষের ১৯ তম সাক্ষী। তিনি গত ১২ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছিলেন। তার বাড়ি ফটিকছড়িতে।

পাঁচলাইশ থানা পুলিশ ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ি থেকে জানা গেছে, রাত সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে ওয়াহেদকে এক নারী হাসপাতালের জরুরি বিভাগে আনে। তার শরীরে কোনো প্রকার আঘাতের চিহ্ন দেখা যায়নি।

পাঁচলাইশ থানার ওসি প্রদীপ কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাসপাতালে ওই সময়ে দায়িত্ব পালনরত জরুরি বিভাগের চিকিৎসক জানিয়েছেন, মৃত অবস্থায় ওয়াহেদকে আনা হয়েছে।

তিনি বলেন, পরবর্তীতে ওই মুক্তিযোদ্ধার মেয়ে লাশ ময়নাতদন্ত ছাড়াই বাসায় নিয়ে যান। তিনি আগে থেকেই হৃদরোগে ভুগছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

ধারণা করা হচ্ছে, হৃদরোগেই তাঁর মৃত্যু হয়েছে।

মুক্তিযোদ্ধা ওয়াহেদের বাসা নগরীর খুলশী থানার কুসুমবাগ আবাসিক এলাকায়।

ওসি বলেন, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

২০১০ সালের ১৬ ডিসেম্বর গ্রেপ্তারের পর ২০১১ সালের ৩ অক্টোবর সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দেয় ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এরপর গত বছর ৪ এপ্রিল মানবতাবিরোধী অপরাধের ২৩টি ঘটনায় এই বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক।