শাহবাগে প্রতিরোধের ডাক
রাজধানীতে তাণ্ডবের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে শহীদ মিনারে ভাংচুর ও গণজাগরণ মঞ্চে হামলার ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে শাহবাগের গণজাগরণ মঞ্চ।
সহিংতার প্রতিবাদে শনিবার বিকাল ৩টায় সারা দেশে জাতীয় পতাকা হাতে বিক্ষোভ-মিছিলের ডাক এসেছে গণজাগরণ মঞ্চ থেকে। শনিবারের কর্মসূচি রায়েরবাজারের সমাবেশেও জাতীয় পতাকা হাতে মিছিল নিয়ে সবাইকে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে।
শুক্রবার দুপুরে জুমার নামাজের পর সহিংসতার প্রতিবাদে সন্ধ্যায় আবারো শাহবাগের গণজাগরণ মঞ্চে ফিরে আসে আন্দোলনকারীরা। তাদের ডাকে সাড়া দিয়ে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে বাঁশের লাঠি হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাষ্ট্রবিরোধী সহিংতার প্রতিবাদ জানায় বিক্ষুব্ধ জনতা।
এ সময় তাদের কণ্ঠে শোনা যায় নতুন শ্লোগান- ‘বাঁশের লাঠি তৈরি কর, জামাত-শিবির ধোলাই কর’।
টানা ১৭ দিন অহিংস আন্দোলনের চেহারায় থাকলেও শহীদ মিনারে হামলা ও জাতীয় পতাকায় আগুন দেয়ায় রাতে প্রতিবাদের পাশাপাশি প্রতিরোধের অবয়বে দেখা যায় বিক্ষুব্ধদের।
আগের দিন শাহবাগের টানা অবস্থানের বিরতি টানা হলেও শুক্রবার সন্ধ্যার পর শাহবাগের উত্তরে শেরাটন হোটেল, দক্ষিণে ছবিরহাট- পূর্বে রমনা পার্ক আর পশ্চিমে কাঁটাবন পর্যন্ত এলাকা পরিণত হয় লোকারেণ্যে।
সহিংসতার পেছনে নয়া দিগন্ত, দিগন্ত ও আমার দেশ পত্রিকাকে চিহ্নিত করে বারবার এসব সংবাদমাধ্যমকে প্রতিরোধের ডাক আসে মূলমঞ্চ থেকে। আমার দেশ সম্পাদককে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের সময়সীমা বেধে দেয়া হয়।
যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি ও জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার দাবিতে শাহবাগের এই আন্দোলনের অন্যতম উদ্যোক্তা ইমরান এইচ সরকার সন্ধ্যায় জাগরণ মঞ্চ থেকে বলেন, “আজকের হামলায় উস্কানি দিয়েছে জামায়াত শিবিরের পত্রিকা আমার দেশ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এর সম্পাদক মাহামুদুর রহমানকে গ্রেপ্তার করতে হবে। তা না হলে বৃহত্তর কর্মসূচি দেয়া হবে।”
রাত সাড়ে ১১টার দিকে এদিনের মতো সমাবেশ শেষ করার ঘোষণা আসে।
এ সময় মঞ্চ থেকে ইমরান এইচ সরকার বলেন, জামায়াত-শিবির জুমার নামাজ আদায় না করে বিভিন্ন মসজিদে ধর্মপ্রাণ মুসল্লি ও এই আন্দোলনের সংগঠকদের ওপর হামলা চালিয়েছে।
“তারা শহীদ মিনার ভেঙেছে, পদদলিত করেছে আমাদের জাতীয় পতাকা।”
তিনি বলেন, “মসজিদে হামলা, ককটেল বিস্ফোরণ, শহীদ মিনারে ভাংচুর ও জাতীয় পতাকা অবমাননা একসূত্রে গাঁথা। যুদ্ধাপরাধীর বিচার বানচাল করার জন্যই সুপরিকল্পিতভাবে তারা এটা করেছে। তারা মুক্তিযুদ্ধের চেতনাকে নস্যাৎ করতে এটা করেছে।”
তিনি বলেন, জামায়াত-শিবির কর্মীরা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবকে লাঞ্চিত করেছে। তারা সাংবাদিকদের ওপর হামলা করেছে।
এসব ঘটনার জন্য দায়ীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান তিনি।
ইসলামী দলগুলোর ডাকা রোববারের হরতাল প্রতিহত করার ঘোষণা দিয়ে ইমরান বলেন, “পাড়া মহল্লায় দেশ প্রেমিক জণগণকে মিছিল নিয়ে হরতাল প্রত্যাখান করতে মাঠে থাকার জন্য আহ্বান জানাচ্ছি।”
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান জানান, বৃহস্পতিবারের ঘোষণা অনুযায়ী শনিবার সকাল থেকে শাহবাগে তাদের গণস্বাক্ষর সংগ্রহ চলবে। বিকাল ৩টায় রায়েরবাজার বধ্যভূমিতে হবে সমাবেশ।
শুক্রবারের সহিংতার প্রতিবাদে শনিবার বিকাল ৩টায় সারা দেশে জাতীয় পতাকা হাতে বিক্ষোভ-মিছিল করার আহ্বান জানান তিনি। রায়েরবাজারের সমাবেশেও জাতীয় পতাকা হাতে মিছিল নিয়ে সবাইকে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে।
একাত্তরের যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামীর নেতা আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায় প্রত্যাখ্যান করে গত ৫ ফেব্রুয়ারি শুরু হয় শাহবাগের জাগরণ।
এর একাদশ দিনে, গত ১৫ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পল্লবীতে খুন হন স্থপতি রাজীব। নিজের বাসার সামনে এই ব্লগারকে জবাই করে হত্যা করা হয়।
রাজীব নিয়মিতভাবে ব্লগে লিখতেন ‘থাবা বাবা’ নামে। লেখনীর মধ্য দিয়ে যুদ্ধাপরাধের বিচারের দাবি তুলে ধরার পাশাপাশি জামায়াত-শিবিরের স্বরূপ উন্মোচনে সক্রিয় ছিলেন তিনি।
চট্টগ্রামে জাগরণ মঞ্চে হামলা চালিয়ে ভাংচুর করে মিছিলকারীরা।
এর আগেও শাহবাগ আন্দোলন নিয়ে বিভিন্ন উস্কানিমূলক প্রতিবেদন প্রকাশ করা হয় এ পত্রিকায়, যা বানোয়াট বলে দাবি করে আসছে গণজাগরণ মঞ্চের আন্দোলনকারীরা।
শাহবাগের আন্দোলনকারীরা বৃহস্পতিবার মহাসমাবেশ করে ‘যুদ্ধাপরাধের যুক্ত দল’ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের জন্য ২৬ মার্চ পর্যন্ত সময় বেঁধে দেয়। একইসঙ্গে টানা কর্মসুচি থেকে সরে এসে শুক্রবার সব ধর্মের উপাসনালয়ে প্রার্থনা ও দোয়া এবং স্বাক্ষর সংগ্রহসহ মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি দেয় তারা।
অন্যদিকে ‘ধর্ম অবমাননাকারী’ আখ্যা দিয়ে ব্লগারদের শাস্তি দাবি করে এবং ইসলামী রাজনীতি নিষিদ্ধ করার ‘ষড়যন্ত্রে’র প্রতিবাদে ইসলামী ও সমমনা ১২ দলসহ কয়েকটি সংগঠনের ব্যানারে সারাদেশে জুমার পর বিক্ষোভ মিছিলের কর্মসূচি দেয়া হয়।
শুক্রবার নামাজের পর এসব সংগঠনের মিছিল থেকে রাজধানীর বায়তুল মোকাররম, পল্টন ও কাঁটাবন, মিরপুর, ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় ব্যাপক তাণ্ডব চালানো হয়। হামলা-সংঘর্ষ হয় চট্টগ্রাম, সিলেট, রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলায়।
চট্টগ্রাম ও রাজশাহীতে হামলা ও ভাংচুর করা হয় স্থানীয় সংহতি মঞ্চ। সিলেটের শহীদ মিনারে আগুন দেয় মিছিলকারীরা। চাঁদপুরে গণজাগরণ মঞ্চে হামলা করে জাতীয় পতাকায় আগুন দেয়া হয়েছে। সহিংসতায় তিন জেলায় নিহত হয়েছে চার জন। আহত হয়েছে কয়েকশ’ মানুষ।
পুলিশ বলছে, ইসলামী ১২ দলের কর্মসূচিকে ব্যবহার করে জামায়াতে ইসলামী কর্মীরা এই সহিংসতা চালিয়ে থাকতে পারে।
দুপুরে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা শুরু হলে অনলাইন সংবাদপত্র, টেলিভিশন চ্যানেলসহ ফেইসবুক ও ব্লগে সেই খবর পেয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আবার শাহবাগ মোড়ে জড়ো হতে শুরু করেন আন্দোলনকারীরা। গণজাগরণ চত্বরের মূলমঞ্চ থেকে দেয়া আগের স্লোগানগুলোর সঙ্গে যুক্ত হয় “শহীদ মিনারে হামলা কেন? জামাত শিবির জবাব চাই”।
বিকাল সাড়ে ৫টার দিকে শাহবাগ চৌরাস্তায় যান চলাচল আবারো বন্ধ করে দেয় ঢাকা বিশ্ববিদ্যায়ের একদল শিক্ষার্থী।
পৌনে ৬টার দিকে ব্লগার ইমরান এইচ সরকারের নেতৃত্বে শাহবাগ মোড়ে চলে আসেন শাহবাগ গণজাগরণ মঞ্চের কর্মীরা।
সন্ধ্যার মধ্যে শাহবাগে জাদুঘরের সামনে থেকে গণগ্রন্থাগার পর্যন্ত রাস্তায় হাজার হাজার মানুষ জড়ো হয়। রাস্তায় লাল রং দিয়ে লেখা হয় যুদ্ধাপরাধীদের ফাঁসি এবং ধর্মভিত্তিক উগ্র রাজনীতি নিষিদ্ধের দাবি।
