২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের ইন্ধন দেখছে পুলিশ

জুমার নামাজে পর রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়ে তাণ্ডব চালানো শাহবাগের গণজাগরণবিরোধীদের পেছনে জামায়াতের ইন্ধন দেখছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2013, 03:10 PM

Updated : 25 Apr 2022, 06:24 PM

এ ব্যাপারে পুলিশের মতিঝিল বিভাগের উপ কমিশনার শেখ নাজমুল আলম সাংবাদিকদের বলেন, "ইসলামি ১২দলের  কর্মসূচিকে ব্যবহার করে মূলত জামায়াতে ইসলামি কর্মীরাই এই তাণ্ডব চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।"

সহিংসতায় সাংবাদিক ও পুলিশসহ প্রায় অর্ধশত আহত হয়েছেন। পুলিশ ১৭২ জনকে গ্রেপ্তার করেছে বলে তিনি জানান।

সন্ধ্যায় তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের পরিচয় বের করার চেষ্টা চলছে।

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরও অভিযোগ করেন, জামায়াতে ইসলামীর নেতৃত্বেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শহীদ মিনার ও গণজাগরণ মঞ্চে ভাংচুর, অগ্নিসংযোগ ও সংঘর্ষ ঘটনা হয়েছে ।

যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবিতে শাহবাগের আন্দোলনকারীরা শুক্রবার সব ধর্মের উপাসনালয়ে প্রার্থনা ও দোয়ার কর্মসূচি দেয়ার পর ‘ধর্ম অবমাননাকারী’ ব্লগারদের শাস্তি এবং ইসলামী রাজনীতি নিষিদ্ধ করার ‘ষড়যন্ত্রে’র প্রতিবাদে ইসলামী ও সমমনা ১২ দলসহ কয়েকটি সংগঠন সারাদেশে জুমার পর বিক্ষোভ মিছিলের কর্মসূচি দেয়।

জুমার নামাজে পর রাজধানীর বায়তুল মোকাররম, পল্টন ও কাঁটাবন, মিরপুর, ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়ে ব্যাপক তাণ্ডব চালায় শাহবাগের গণজাগরণবিরোধীরা।

ইসলামী দলগুলোর কর্মসূচি ও নাশকতার আশঙ্কায় সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ।তবে শুরু থেকে হামলার লক্ষে ছিলেন সংবাদকর্মীরা। গণজাগরণবিরোধী এই ইসলামী দলগুলোর হামলায় আহত হয়েছেন মাছরাঙা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আব্দুল্লাহ তুহিন ও এটিএন বাংলার ক্যামেরাম্যান ইমরান তুহিনসহ বেশ কয়েকজন সাংবাদিক।

এক পর্যায়ে তারা পুলিশের ওপর হামলা চালালে শুরু হয় সংঘর্ষ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়লে হামলাকারীরাও বৃষ্টির মতো ঢিল ছুড়তে থাকে।সহিংসতা ঠেকাতে পুলিশ শটগানের ছররা গুলি ব্যবহার করে। এ সময় চার সাংবাদিক, দুই পুলিশসহ অন্তত ২৩ জন আহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

নামাজের পর কাঁটাবন মসজিদ থেকেও ইসলামী সংগঠনগুলোর কর্মীরা মিছিল নিয়ে বের হয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। পরে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গত তিন মাস ধরে সারা দেশে বিভিন্ন স্থানে সহিংসতা চালিয়ে আসা জামায়াত কর্মীরা অন্য ইসলামী সংগঠনের কর্মসূচিকে ব্যবহার করে সংঘাতে জড়াচ্ছে কি না- এমন প্রশ্নের জবাবে পুলিশের মতিঝিল বিভাগের উপ কমিশনার শেখ নাজমুল আলম বলেন, “আমার কাছে তেমনই মনে হচ্ছে। বিষয়টি আমার খতিয়ে দেখব।”

নামাজের আগে কয়েকজন মুসুল্লিও জানান, খেলাফত মজলিশ, খেলাফত আন্দোলন ও ইসলামী ঐক্যজোটসহ সমমনা দলগুলোর পেছনে জামায়াত-শিবিরের কর্মীরা ইন্ধন যোগাচ্ছে।

পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মতিঝিল) মেহেদী হাসান, ধানমণ্ডি জোনের সহকারি কমিশনার রেজাউল করিম, শাহবাগের ওসি সিরাজুল ইসলাম, উপপরিদর্শক নজরুল ইসলাম, সহকারি উপ পরিদর্শক আব্দুল মোতালেব ও মনসুর আলী, কনস্টেবল জলিল শেখ, মো. রকিব, আব্দুল কাদের, মাসুদ খান, মোবারক হোসেন এবং নায়েক শ্যামল কুমার আহত হন। তারা পুলিশ হাসপাতাল এবং বঙ্হবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

হামলা-সংঘর্ষের খবর পাওয়া গেছে চট্টগ্রাম, সিলেট, রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলা থেকেও। চট্টগ্রাম ও সিলেটে জাগরণমঞ্চে হামলা হয়েছে। সিলেটে ভাংচুর করা হয়েছে শহীদ মিনার।