ওয়াজে শাহবাগবিরোধী বক্তব্য, জনতার ধাওয়া
কুষ্টিয়ার খোকসা উপজেলায় ওয়াজ মাহফিলে শাহবাগের গণজারণ মঞ্চ সম্পর্কে উস্কানিমূলক বক্তব্য দেয়ার পর মুসুল্লিদের ধাওয়া খেয়ে পালিয়ে গেছেন এক বক্তা।
বৃহস্পতিবার মধ্যরাতে ফুলবাড়িয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুলবাড়িয়া জামে মসজিদের ওয়াজ মাহফিলে আজিজুল ইসলাম বক্তব্য দেয়ার সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও উপজেলা প্রশাসন।
খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উত্তেজনাকর পরিস্থিতিতে রাতেই মাহফিল বন্ধ করে দেয়া হয়েছে।
খোকসা থানার ওসি হরেন্দ্রনাথ সরকার বলেন, এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে। এ ঘটনায় কেউ আটক হয়নি। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।
জয়ন্তী হাজরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আয়োজকদের প্রধান ইউনিয়ন জামায়াতের নেতা আকমল হোসেন বৃহস্পতিবার কথা দিয়েছিলেন, মাহফিলে কোনো উস্কানিমূলক বক্তব্য হবে না। কিন্তু তারা তাদের কথা রাখেননি।
চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন আরো বলেন, “আজিজুল ইসলাম বক্তব্য দেয়ার সময় বলেন- শাহবাগ মোড়ে মাদকসেবীদের মনোরঞ্জনের জন্য নর্তকী নাচানো হচ্ছে। এসব নাস্তিকদের দিয়ে ইসলামের সেবকদের ফাঁসির দাবি করানো হচ্ছে।”
মাহফিলে আজিজুল ইসলাম অবিলম্বে কাদের মোল্লাসহ জামায়াতে ইসলামের সকল নেতাকর্মীদের মুক্তির দাবিতে আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানালে স্থানীয় জনগণ বিক্ষুব্ধ হয়ে ওঠে, বলেন চেয়ারম্যান জাহাঙ্গীর।
তিনি আরো বলেন, তখন লোকজন একসঙ্গে ‘ধর ধর’ বলে আজিজুলের দিকে তেড়ে যায়। আজিজুল তখন সঙ্গীদের নিয়ে মঞ্চ ছেড়ে দৌড়ে পালিয়ে যান।
পরে উত্তেজিত মুসুল্লিরা পাশের বাজারে রাখা আজিজুল ও তার সঙ্গীদের দুটি মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেয়। সেখান থেকে পরে পাশের আরো একটি ঘরে আগুন ছড়িয়ে যায় বলে জানান ইউপি চেয়ারম্যান।
এ ব্যাপারে ফুলবাড়িয়া জামে মসজিদের ইমাম ও মাদ্রাসা শিক্ষক আকমল হোসেনের সঙ্গে কথা বলার জন্য মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
