২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে রাজনীতি করছে সরকার’

একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের ইস্যুকে আগামী নির্বাচনে জিইয়ে রাখতে সরকার নানা ‘কৌশলের’ আশ্রয় নিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2013, 04:47 PM

Updated : 23 Aug 2022, 10:14 AM

বৃহস্পতিবার এক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “দেশের দুর্নীতি, ব্যর্থতা ও নির্দলীয় সরকারের দাবি থেকে জনগণের দৃষ্টিকে সরিয়ে দিতে সরকার নানা কলা-কৌশল করছে। এর একটি কৌশল চলছে শাহবাগের চত্বরে । আসলে ক্ষমতাসীনরা যুদ্ধাপরাধীদের বিচার চায় না। তারা আগামী নির্বাচনেও এ নিয়ে রাজনীতি করতে চায়।”

‘জনদাবিকে’ উপেক্ষা করে দলীয় সরকারের অধীনে নির্বাচন করা হলে ‘গণঅভ্যুত্থানেই’ এর ফয়সালা হবে বলে হুঁশিয়ার করে দেন খন্দকার মোশাররফ।

তিনি এমন দাবিও করেন, আগামী নির্বাচনে যুদ্ধাপরাধীদের বিচারের ইস্যুকে জিইয়ে রাখতে সরকার উপজেলার ইউএনও এবং থানার ওসিকে শাহবাগের মতো চত্বর সৃষ্টি করার নির্দেশ দিয়েছে।

বিকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস এর উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

আলোচনা সভার পর নৃত্য শিল্পী রাহিজা খানম ঝুনুর নেতৃত্বে শিল্পীরা মুক্তিযুদ্ধ বিষয়ক ও দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন।

যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে খন্দকার মোশাররফ বলেন, “আমরা যুদ্ধাপরাধীদের বিচার চাই। কিন্তু এই বিচার না করে সরকার তা নিয়ে ষড়যন্ত্র ও রাজনীতি করছে। তারাই আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল গঠন ও বিচারক নিয়োগ দিয়েছে। তাদের নির্দেশে যুদ্ধাপরাধীর বিচারের রায় হয়েছে। আবার তাদের (সরকার) প্ররোচনায় এই বিচারের রায় এখন মানা হচ্ছে না।”

চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সিঙ্গাপুর সফর নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যের নিন্দাও জানান এই বিএনপি নেতা।

তিনি অভিযোগ করেন, সৈয়দ আশরাফ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিরোধী দলীয় নেতা সম্পর্কে ‘মিথ্যাচার’ করেছেন।

খন্দকার মোশাররফ দাবি করেন, বিএনপির বিদেশে কোনো ‘প্রভু’ নেই,  ‘বন্ধু’ আছে। তাই বিদেশে গিয়ে শলাপরামর্শ করার রেকর্ড বিএনপির নেই। এটা আওয়ামী লীগের নেতা-নেত্রীদের আছে।

সৈয়দ আশরাফ বুধবার এক আলোচনা সভায় বলেছেন, “তিনি (খালেদা) শুধু চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাননি। একটি বিশেষ শক্তিশালী দেশের সঙ্গে বোঝাপড়া করার জন্য সিঙ্গাপুর গেছেন।”

 “কীভাবে আগামীতে ক্ষমতায় আসা যায়, কী করলে তারা ক্ষমতায় বসাবে এ বোঝাপড়ার জন্যেই তিনি এ সফরে গেছেন।”

এর প্রমাণ রয়েছে বলেও স্থানীয় সরকারমন্ত্রী আশরাফ দাবি করেন।

গত ১৯ ফেব্রুয়ারি রাতে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান খালেদা জিয়া। মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি চিকিৎসা নিচ্ছেন।

সংগঠনের সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে সাংস্কৃতিক সম্পাদক গাজী মাজহারুল আনোয়ার, জাসাস সাধারণ সম্পাদক মনির খান, সহসভাপতি বাবুল আহমেদ, আনিসুল ইসলাম সানি, আহমেদুল্লাহ চৌধুরী, সালাউদ্দিন ভুঁইয়া শিশির, রিজিয়া পারভিন, রিনা খান প্রমুখ বক্তব্য রাখেন।