২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহবাগে মিলেছে শহীদ মিনার

যুদ্ধাপরাধীর ফাঁসি ও জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবিতে মহাসমাবেশে যোগ দিতে শাহবাগের গণজাগরণ মঞ্চের দিকে চলছে জনস্রোত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিজস্ব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2013, 09:00 AM

Updated : 25 Apr 2022, 06:24 PM

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনেকেই শহীদ মিনার থেকে সরাসরি চলে আসছেন শাহবাগে। আবার চারপাশের সড়ক দিয়ে মিছিল নিয়ে ও দলে দলে মানুষ সমবেত হচ্ছেন ছাত্র-জনতার এই সমাবেশে।

তাদের কণ্ঠে একুশের গানের সঙ্গে ‘রাজাকারমুক্ত’ বাংলাদেশ গড়ার প্রত্যয়।

সাদা-কালো শাড়ি আর পাঞ্জাবিতে বিভিন্ন বয়সের নারী পুরুষ শিশু ভাষা আন্দোলনের চেতনায় উজ্জীবিত হয়ে মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবিতে কণ্ঠ মেলাচ্ছেন।

যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে চলমান আন্দোলনের সপ্তদশ দিন বৃহস্পতিবার বিকাল ৪টায় শাহবাগে এই মহাসমাবেশ শুরু হবে। একই সময়ে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শহীদ মিনারে একযোগে একুশের গান গাওয়ার আহ্বান জানানো হয়েছে জাগরণ মঞ্চ থেকে।

মহাসমাবেশে যোগ দিতে আসা মানুষের ঢল এরইমধ্যে শাহবাগের পশ্চিমে আজিজ সুপার মার্কেট, পূর্বে শিশু পার্ক, উত্তরে রূপসী বাংলা হোটেল ও দক্ষিণে টিএসসি ছাড়িয়ে গেছে।

মায়ের কোলে বাবার কাঁধে চড়ে কপালে যুদ্ধাপরাধীর ফাঁসির দাবির কালো কাপড় বেঁধে শাহবাগে এসেছে বিভিন্ন বয়সী শিশুরাও।

ছেলে-মেয়েদের নিয়ে শ্যামলী  থেকে শাহবাগে এসেছেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা রকিবুল হায়দার।

তিনি বলেন, “মুক্তিযুদ্ধ বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন। তাই বাঙালির এই ইতিহাস সম্পর্কে জানাতে শিশুদের এখানে নিয়ে এসেছি।”

১২ বছরের ছেলে রায়হান হায়দারকে নিয়ে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এসেছেন বলে জানান তিনি।

রূপসী বাংলা হোটেলের পাশ দিয়ে রাস্তা ধরে প্রজন্ম চত্বরের এগোনোর সময় বেইলি রোডের বাসিন্দা আবু কামাল বলেন, প্রজন্ম চত্বরে আন্দোলনের ১৭তম দিনে সকাল থেকেই তিনি উপস্থিত ছিলেন। শহীদ মিনারে কিছু সময়ের জন্য গিয়েছিলেন ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে। মহাসমাবেশে যোগ দিয়ে ফিরবেন বাসায়।

চারুকলার সামনে দাঁড়িয়ে মিরপুরের বাঙলা কলেজের শিক্ষার্থী শারমিন সুলতানা বলেন, তরুণ প্রজন্মের নেতৃত্বেই বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার হবে।তাই সবার সঙ্গে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে অংশ নিতে এখানে উপস্থিত হয়েছি।

এ সময় গণজাগরণ মঞ্চ থেকে জ্বালো জ্বালো/ আগুন জ্বালো আগুন জ্বালো, রাজাকারের ফাঁসি চাই, তুমি কে আমি কে/ বাঙালী বাঙালী, তোমার আমার ঠিকানা/ পদ্মা মেঘনা যমুনা’ স্লোগানে প্রকম্পিত হচ্ছিল পুরো এলাকা।