‘শুধু ভাতা নয়, শহীদদের স্বীকৃতিও চাই’
সাম্প্রতিক বছরগুলোতে একুশের ভাষা শহীদের পরিবারকে অনুদান দেয়া শুরু হলেও তা নিয়মিত পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছে শহীদ আবুল বরকতের পরিবার।
ভাষা শহীদ আবুল বরকত
সর্বশেষ গত ৬ মাসের টাকা এখনো হাতে পাননি বলে অভিযোগ করেন আলাউদ্দিন বরকত।
তিনি বলেন, টাকাটাই মুখ্য নয়। এখন ভাষা শহীদদের পরিপূর্ণ স্বীকৃতি ও মর্যাদা দরকার। তার চাচা বরকতসহ অন্য ভাষা শহীদদের স্বাধীনতা পদক দেয়ার আহ্বান জানান তিনি।
পাঁচ থেকে ছয় বছর আগে দেশের ছয়টি সিটি করর্পোরেশনে গুরুত্বপূর্ণ স্থাপনা ও সড়কের নামকরণ ভাষা শহীদদের নামে করার অনুরোধ জানিয়ে চিঠি দেয়া হয়। কিন্তু তাতে তেমন কোনো সাড়া পাওয়া যায়নি।
রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি আত্মদানকারী আবুল বরকতের স্মরণে গাজীপুরে আলোচনাসহ বিভিন্ন কমসূচি নেয়া হয়েছে। তার জন্মভূমি ভারতের মুর্শিদাবাদের বহররমপুরের বাবলা গ্রামে ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে বরকত মেলা। ২০০১ সাল প্রতিবছর ফেব্রুয়ারিতে সেখানে সাত দিনব্যাপী বরকত মেলা আয়োজন করা হয়।
মো. আলাউদ্দিন বরকত জানান, বরকত শহীদ হওয়ার পর সম্পত্তি বিনিময় করে তাদের পরিবার গাজীপুরে চলে আসে। ১৯৬৮ সাল থেকেই গাজীপুর সদরের চান্দনা গ্রামে বাস করছেন তারা।
১৯৪৫ সালে ভরতপুর থেকে প্রবেশিকা এবং ১৯৪৭ সালে বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন বরকত। পরেরবছর ঢাকায় আসেন তিনি। পুরানা পল্টনে বিষ্ণু প্রিয়া ভবনে মামা আব্দুল মালেকের বাড়ীতে ওঠেন। সে বছরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনার্সে ভর্তি হন। ১৯৫১ সালে অনার্সে দ্বিতীয় শ্রেণিতে চতুর্থ স্থান লাভ করে এমএ শেষ পর্বে ভর্তি হন।
ঢাকার আজিমপুরে শহীদ আবুল বরকতের কবর
পাকিস্তান সরকারের জারি করা ১৪৪ ধারা ভেঙে ছাত্র-জনতার শ্লোগানে কেঁপে উঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। পুলিশের সঙ্গে কয়েক দফা বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশের গুলিতে লুটিয়ে পড়েন বরকত। সেদিন রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই ভাষা সংগ্রামী।
২০০০ সালে শহীদ আবুল বরকতকে মরণোত্তর একুশে পদক দিয়ে সম্মানিত করা হয়। তার প্রতি শ্রদ্ধা জানাতে এবং ভাষা আন্দোলনের স্মৃতিকে ধরে রাখতে পলাশী মোড় সংলগ্ন এলাকায় একটি জাদুঘর গড়ে তুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সেখানে এই ভাষা শহীদের ব্যবহৃত কাপ-পিরিচ, ঘড়ি, হাতে লেখা চিঠি, ভাষা আন্দোলনের ওপর প্রামাণ্যচিত্র, একুশে পদক (মরণোত্তর) ও তার ছবি সরক্ষণ করা হয়েছে।
জাদুঘরের দ্বিতীয় তলায় রয়েছে একটি পাঠাগার যেখানে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ওপর তিন শতাধিক বই হয়েছে। বছরের অধিকাংশ সময় এই জাদুঘর বন্ধ থাকলেও ফেব্রুয়ারিতে তা খুলে দেয়া হয়।
