নূহাশ পল্লীতে ৮ জনকে গণপিটুনি
গাজীপুরে জনপ্রিয় কথাসাহিত্যক হুমায়ূন আহমদের নূহাশ পল্লীতে জোর করে ঢুকে পড়ায় ৮ জনকে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী।
তবে গণপিটুনির শিকার ব্যক্তিরা পুলিশকে জানিয়েছেন, বুধবার রাতে ‘হুমায়ুন ভক্ত’ হিসাবে তার কবরে মোমবাতি জ্বালাতে চেয়েছিলেন তারা।
আহত শ্রীপুর উপজেলার ভাংনাহাটি এলাকার সুলতান উদ্দিন প্রধান (৪০), তার স্ত্রী জাকিয়া সুলতানা (৩৫), ছেলে ইমন (১৩), একই উপজেলার বাগমারা এলাকার রুবেল মিয়া (২৫), গিলারচালা এলাকার রেজাউল করিম (২৫), মাওনা এলাকার সাকিব (২০), তামিম (১৮) এবং কেওয়া এলাকার আফজাল হোসেন রনিকে (২৩) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।।
নূহাশ পল্লীর ব্যবস্থাপক সাইফুল ইসলাম বুলবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১২টার দিকে ৩টি মোটরসাইকেলে করে ৮ জন নূহাশ পল্লীর সামনে এসে প্রধান ফটক খোলার জন্য ধাক্কাধাক্কি শুরু করেন।
“ফটক না খুললে দুই যুবক পল্লীর দেয়াল টপকে ভেতরে ঢুকে পিস্তলের ভয় দেখিয়ে কর্মচারীদের জিম্মি করে ফেলে এবং প্রধান ফটকের তালা ভেঙ্গে বাইরে দাঁড়িয়ে থাকা অন্যদেরও ভেতরে নিয়ে আসে।”
পরে তারা পল্লীর ভিতরের বৃষ্টি বিলাশ কটেজের দিকে এগিয়ে গেলে কর্মচারীরা ‘ডাকাত’ বলে চিৎকার দেয়। তখন এলাকাবাসী এসে তাদের আটক করে গণপিটুনি দেয় বলে জানান ব্যবস্থাপক।
জয়দেবপুর থানার হোতাপাড়া ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম আহতদের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আহতরা পুলিশকে জানিয়েছে, তারা ওই রাতে হুমায়ূন আহমেদের কবরে মোমবাতি জ্বালাতে যায়। কিন্তু তাদের কাছে কোনো মোমবাতি ছিল না।
তবে সুলতানের ছেলে ইমনের কাছে একটি খেলনা পিস্তল ছিল। সেটি উদ্ধার করা হয়েছে। এত রাতে কেন তারা সেখানে গিয়েছিল তা এখনো পরিষ্কার নয়। পুরো বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।
এলাকাবাসী গণপিটুনি দেয়ার পর তাদের প্রথমে গাজীপুর সদর হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের অবস্থা একটু স্থিতিশীল হলেই তাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান এসআই।
এসআই জানান, এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
হুমায়ূন আহমেদ বৃহদান্ত্রের ক্যান্সারে আক্রান্ত হয়ে গত বছরের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তারপর তাকে নিজ হাতে গড়া গাজীপুরের পীড়াজুলি গ্রামের নূহাশ পল্লীর লিচুতলায় চিরনিন্দ্রায় শায়িত করা হয়।
