পুলিশের পিটুনিতে যুবকের মৃত্যুর অভিযোগ, মিছিল
সিরাজগঞ্জে পুলিশের দুই উপপরিদর্শকের পিটুনিতে এক যুবকের মৃত্যুর খবরে লাশ নিয়ে মিছিল করেছে স্থানীয়রা।
এ সময় বিশৃঙ্খলার আশঙ্কায় বাজার স্টেশনসহ আশপাশের এলাকার দোকানপাট বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে বিক্ষুব্ধরা পুলিশের উপর চড়াও হওয়ার চেস্টা করে। পরে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহত ফরিদ মাহমদুপুর মহল্লার মাদক ব্যবসায়ী রহিজ উদ্দিনের ছেলে। সে মাদকাসক্ত ছিল বলে স্থানীয়রা জানায়। সদর থানার উপ পরিদর্শক আব্দুস সালাম ও সেলিমের পিটুনিতে তার মৃত্যু হয় বলে এলাকাবাসীর অভিযোগ।
সিরাজগঞ্জ পুলিশ সুপার হুমায়ন কবির জানান, অভিযোগ খতিয়ে দেখতে সদর সার্কেল এএসপি ও গোয়েন্দা পুলিশের ওসিকে নিয়ে একটি তদন্ত কমিটি করা হয়েছে।
নিহতের খালা হাসিনা বেগম জানান, উপ পরিদর্শক সালাম ও সেলিম রাত ১০টার দিকে ফরিদের বাড়িতে যান। পুলিশ দেখে ফরিদ দৌঁড়ে পালানোর চেষ্টা করলে তাকে ধরে কিল ঘুষি ও লাথি মারতে থাকেন দুই পুলিশ সদস্য। এক পর্যায়ে ফরিদ সংজ্ঞা হারালে দুই পুলিশ ঘটনাস্থল থেকে চলে যায়।
এর পরপরই হাসপাতলে নেয়ার পথে মারা যান ফরিদ।
সদর থানার ওসি রফিকুল ইসলাম খান জানান, নিহতের স্বজন ও এলাকবাসীর কাছ থেকে ঘটনা জানার পর অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
কিন্তু বিক্ষুদ্ধ জনতা রাত সোয়া ১১টার দিকে লাশ নিয়ে শহরে মিছিল বের করে। মিছিলটি শহরের বাজার স্টেশন ও চামড়া পট্টি প্রদক্ষিণের সময় কয়েকটি স্থানে টায়ারে আগুন জ্বালিয়ে দেয়া হয় এবং পুলিশের উপর হামলার চেষ্টা চলে।
নিহতের বাবা রহিজ উদ্দিন অভিযোগ করেন, বুধবার সকালে এস আই সেলিম ফোন করে তার কাছে ১০ হাজার টাকা চেয়েছিল। টাকা না দেয়ার কারণেই তার ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
সিরাজগঞ্জ পুলিশ সুপার বলেন, “কেউ আইনের ঊর্ধে নয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।”
ময়নাতদন্তর জন্য লাশ সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কোনো মামলা হয়নি।
