২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে তরুণীকে ‘ধর্ষণ শেষে হত্যা’

ঢাকার সাভারে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2013, 02:13 PM

Updated : 23 Aug 2022, 10:14 AM

তাকে ধর্ষণ শেষে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখা হয় বলে পুলিশ ধারণা করছে। 

বুধবার সাভার পৌরসভার ধরেন্ডা মধ্যপাড়ায় একটি আমবাগানে ওয়াহিদা বেগমের (২২) ঝুলন্ত লাশ পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

ওয়াহিদা সাভার পৌর এলাকার ধরেন্ডা মধ্যপাড়া মহল্লার লুদ্দু চানের মেয়ে। মুকবুল হোসেন নামে এক যুবকের সঙ্গে বিয়ে হলেও ওয়াহিদা শ্বশুরবাড়ি থাকতেন না।

লুদ্দু চান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এলাকার এক খ্রিস্টান ছেলের সঙ্গে তার মেয়ের সর্ম্পক ছিল। বিয়ের পরও তা অব্যাহত থাকে। শ্বশুরবাড়ির লোকজন বিষয়টি জানলে তাকে আর নেয়নি। এরপর থেকে সে কেরানীগঞ্জে নানির বাড়ি থেকে মেলামাইন কারখানায় চাকরি করত।

তিনি বলেন, গত বুধবার (১৩ ফেব্রুয়ারি) নানির বাড়ি যাওয়ার কথা বলে সাভারের বাসা থেকে বের হয়েছিল। এরপর তারা আর খবর জানেন না।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রথমে আত্মহত্যা বলে ধারণা করা হলেও পরে ধর্ষণ ও হত্যার আলামত পাওয়া গেছে।

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সুরতহাল রিপোর্ট প্রস্তুতকারী সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহতের পরনে শুধু কামিজ আর বোরকা ছিল। সুরতহাল রিপোর্টে ধর্ষণের আলামত পাওয়া গেছে।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিনের পরিদর্শক আবুবক্কর সিদ্দিক ও সামসুল আলমের নেতৃত্বে সাত সদস্য ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করেছেন বলেও তিনি জানান।

ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার এবিএন মাসুদ হোসেন পরিবারের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিয়ের পরও খ্রিস্টান ছেলের সঙ্গে সম্পর্কের বিষয়টি সামনে রেখে তদন্ত কাজ চালানো হচ্ছে।