২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভয়ঙ্কর ষড়যন্ত্রে বিএনপি, প্রমাণ আছে: আশরাফ

ক্ষমতায় যেতে বিএনপি হত্যাকাণ্ডের মতো ষড়যন্ত্রে লিপ্ত বলে দাবি করেছেন সৈয়দ আশরাফুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2013, 01:45 PM

Updated : 23 Aug 2022, 10:14 AM

এজন্য দেশবাসীকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

আশরাফ বুধবার এক আলোচনা সভায় বলেছেন, “প্রধান বিরোধী দল বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে ভয়ঙ্কর হত্যাকাণ্ডের রূপরেখা তৈরি করছে। এজন্য দেশবাসীকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

“ষড়যন্ত্রের তথ্য প্রমাণ আমার হাতে আছে। শিগগিরই সব সত্য উদঘাটন করা হবে।”

ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

Image
সৈয়দ আশরাফুল ইসলাম

সৈয়দ আশরাফুল ইসলাম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সিঙ্গাপুর সফর নিয়ে আশরাফ বলেন, “তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যেতে পারেন। সেখানে চিকিৎসা উন্নতমানের। হাসপাতালে ভর্তি হবেন খালেদা। চিকিৎসার জন্য সেখানে কিছু চিকিৎসক আসবেন, এটা সত্যি।

“তবে তিনি (খালেদা) শুধু চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাননি। একটি বিশেষ শক্তিশালী দেশের সঙ্গে বোঝাপড়া করার জন্য সিঙ্গাপুর গেছেন।”

 “কীভাবে আগামীতে ক্ষমতায় আসা যায়, কী করলে তারা ক্ষমতায় বসাবে এ বোঝাপড়ার জন্যেই তিনি এ সফরে গেছেন।”

এর প্রমাণ রয়েছে বলে স্থানীয় সরকারমন্ত্রী আশরাফ দাবি করেন।

সিঙ্গাপুর থেকে খালেদা জিয়া লন্ডন যাওয়ার পরিকল্পনা রয়েছে বলেও দাবি করেন তিনি। 

আশরাফ বলেন, “সেখান (সিঙ্গাপুর) থেকে খালেদা জিয়া লন্ডনে আসবেন। কিন্তু এ কথা প্রকাশ করেননি তিনি বা তার দল। সেখানে আসতে পারেন খালেদা, কারণ তার ছেলে সেখানে বসবাস করছেন।

“কিন্তু আমি জানি সেটাও তার মূল কারণ নয়। তার অন্যতম কারণ সেখানে আরো একটি পরাক্রমশালী দেশের সরকারের সঙ্গে বোঝাপড়া করা।”

জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে দাবি করে তিনি বলেন, “ষড়যন্ত্র খুন, রক্তপাত ছাড়া বিএনপি কোনোদিনও ক্ষমতায় আসতে পারবে না।”

আশরাফের এই বক্তব্যের সময় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাও উপস্থিত ছিলেন।

শাহবাগের গণজোয়ার নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশের প্রতিটি জেলা-উপজেলা এখন শাহবাগ।

“আজ যুদ্ধাপরাধীদের যে বিচার চলছে, দেশবাসীর জন্যে এটি একটি অর্জন। এ অর্জনের সম্পূর্ণ দাবিদার প্রধানমন্ত্রী শেখ হাসিনা।”

আশরাফ বলেন, এখন জয় বাংলা স্লোগান আওয়ামী লীগের একার নয়। তরুণ প্রজন্ম তা দেখিয়ে দিয়েছে। জয় বাংলা স্লোগান এখন ১৬ কোটি মানুষের।