ঢাকায় বসেছে স্থপতিদের আন্তর্জাতিক সম্মেলন
কমনওয়েলথভুক্ত দেশগুলোর স্থপতিদের সংগঠন কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অব আর্কিটেক্টসের (সিএএ) ২০তম সাধারণ সভা ও আন্তর্জাতিক সম্মেলন ঢাকায় শুরু হয়েছে।
রূপসী বাংলা হোটেলে মঙ্গলবার থেকে ছয়দিনব্যাপী এ সভা ও সম্মেলন হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অব আর্কিটেক্টস এবং বাংলাদেশ স্থপতি ইন্সিটিউটের (আইএবি) সভাপতি স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, বাংলাদেশ স্থপতি ইন্স্টিটিউটের আয়োজনে এই সম্মেলনে কমনওয়েলথভুক্ত ২১টি দেশের শতাধিক বিদেশি এবং এক হাজারের বেশি স্থানীয় স্থপতি এ সম্মেলনে অংশ নেবেন।
প্রথম তিন দিন অর্থাৎ ১৯ থেকে ২১ ফেব্রুয়ারি সিএএ-এর কাউন্সিল হবে। ২২ ও ২৩ ফেব্রুয়ারি হবে আন্তর্জাতিক সেমিনার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২২ ফেব্রুয়ারি সকাল ১০টায় রূপসী বাংলা হোটেলে স্থপতিদের আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধন করবেন।
ওই দিনই নির্মাণ সামগ্রী প্রদর্শনী উদ্বোধন করবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।
দুই দিনব্যাপী এই সেমিনারে মোট ২১ জন স্থপতি বিভিন্ন বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করবেন।
এ সম্মেলনের অংশ হিসেবে ১৯-২৩ ফেব্রুয়ারি পর্যন্ত জাতীয় যাদুঘরে স্থাপত্য প্রদর্শনীর আয়োজন করা হবে।
এছাড়া ২০ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত ধানমন্ডির গ্যালারি চিত্রকে এ উপলক্ষে স্থপতিদের তোলা আলোকচিত্রের প্রদর্শনী হবে।
২৪ ফেব্রুয়ারি বিদেশি অতিথিদের জাতীয় সংসদ ভবন পরিদর্শনের মাধ্যমে ৬ দিনের এই আয়োজনের সমাপ্তি হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
