রাজীববিরোধী প্রচার: সেই বিচারকের অপসারণ দাবি
ব্লগার আহমেদ রাজীব হায়দারকে ‘মুরতাদ’ আখ্যায়িত করে লেখা প্রতিবেদন বিতরণকারী বিচারককে সরিয়ে দেয়ার দাবি তুলেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টের দক্ষিণ হলে এক জরুরি সাধারণ সভা থেকে এই দাবি জানানো হয়।
সভায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী বিচারপতি মো. মিজানুর রহমান ভূঁঞাকে অপসারণের দাবি সংক্রান্ত প্রস্তাব পড়ে শোনান।
ওই বিচারপতিকে অপসারণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবিও জানিয়েছেন সর্বোচ্চ আদালতের আইনজীবীরা।
সংবিধানের ৯৬ অনুচ্ছেদে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের মাধ্যমে উচ্চ আদালতের বিচারপতিদের অপসারণের বিধান রয়েছে।
সোমবার দুপুরে বিচারপতি মো. মিজানুর রহমান ভূঁঞার পক্ষে জমাদার সিদ্দিকুর রহমান হাওলদার হাই কোর্টের বিচারপতিদের কক্ষে গিয়ে সুপ্রিম কোর্টের খামে করে ব্লগার রাজীব হায়দারকে ‘মুরতাদ’ আখ্যায়িত করে লেখা একটি প্রতিবেদন দিয়ে আসেন।
যুদ্ধাপরাধের বিচার দাবিতে আন্দোলনরত গণজাগরণ মঞ্চের কর্মী রাজীবকে শুক্রবার খুন করা হয়। এই হত্যাকাণ্ডে জামায়াত-শিবির জড়িত বলে তার সহযোদ্ধা ও স্বজনদের অভিযোগ।
গণজাগরণ মঞ্চের ‘প্রথম শহীদ’কে নিয়ে ‘অপপ্রচারের’ এই খবরটি জানার পর ওই দিনই আইনজীবীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। মঙ্গলবার এই নিয়ে সভা করেন তারা।
আইনজীবী সমিতির সম্পাদক বলেন, “বিচারপতি মো. মিজানুর রহমান ভূঁঞাকে অপসারণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের প্রস্তাব করছি।
“যতদিন এই কাউন্সিল গঠন না হয় এবং তাদের প্রতিবেদন প্রকাশ না হয়, ততদিন তাকে বিচার কার্য থেকে বিরত রাখতে প্রধান বিচারপতির কাছে দাবি জানানো হচ্ছে।”
এই প্রস্তাব উত্থাপনের পর উপস্থিত আইনজীবী সমিতির সদস্যদের উদ্দেশে সম্পাদক বলেন, “আপনারা কী এই প্রস্তাবের পক্ষে আছেন?”
এ সময় সবাই হাত তুলে প্রস্তাবে সম্মতি জানান।
পরে অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির জ্যেষ্ঠ সহ-সভাপতি কেএম সাইফুদ্দিন আহমদ বলেন, “আমরা এই রেজুলেশন নিয়ে প্রধান বিচারপতির নিকট যাব। তাকে আমাদের দাবি সম্পর্কে অবহিত করব।”
“আমরা সুপ্রিম কোর্টের আইনজীবীদের প্রতিনিধি। আইনজীবীরা দেশের জনগণের পক্ষে আইনজীবী সমিতিতে আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমরা এই আদালতে অযাচিত কাউকে বিচার কার্য চালাতে দিতে পারি না,” বলেন তিনি।
সভায় অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি মাহবুবে আলম ওই বিচারপতিকে পদত্যাগের আহ্বান জানান।
সাধারণ সভায় দেয়া বক্তব্যে তিনি বলেন, “বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বিচারপতি নিয়োগে জামায়াত তাদের কোটা পূরণ করেছে। উনি ছাড়াও আরো কয়েকজন বিচারপতি হাই কোর্টে রয়েছেন, যারা একসময় জামায়াত করতেন।”
“কেউ কোনো দলের হলেও বিচারক হিসাবে শপথ নেয়ার কেউ আর দলের থাকেন না। বিচারকের পদে আসীন হওয়ার পর যদি কেউ দলের প্রতি আনুগত্য দেখান, তাদের পদে থাকার কোনো অধিকার নেই।”
“মিজানুর রহমান ভূঁঞাকে বলছি, আপনি অবিলম্বে পদটা ছেড়ে দিন। বিচার বিভাগও বাঁচবে, আপনিও অনেক বিতর্ক থেকে বাঁচতে পারবেন। রাজীব হচ্ছে প্রজন্মের নেতা, তার চরিত্র হননের এই চেষ্টার তীব্র নিন্দা করছি।”
বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সহসভাপতি আব্দুল বাসেত মজুমদার বলেন, শাহবাগে তরুণ প্রজন্ম ‘দ্বিতীয় মুক্তিযুদ্ধ’ করছে। এ সময় মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা সুপরিকল্পিতভাবে রাজীবকে হত্যা করে আন্দোলন বানচাল করতে চেয়েছে।
“সরকার যখন তার হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে, তখন অনেকে রাজীবকেই বিতর্কিত করতে চাচ্ছেন। এতে সর্বশেষ যোগ দিয়েছেন হাই কোর্টের একজন বিচারক।”
এর মাধ্যমে ওই বিচারপতি শপথ ভেঙেছেন মন্তব্য করে তিনি বলেন, তাই তার বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে ব্যবস্থা নেয়া প্রয়োজন।
বক্তব্যে মোতাহার হোসেন সাজু বলেন, রাজীব প্রজন্ম চত্বরের অগ্নিপুত্র। তার মৃত্যুতে সারা জাতি কেঁদেছে। কাঁদেনি কেবল মিজানুর রহমান ভূঁঞারা।
“তিনি জামায়াতের রোকন ছিলেন। কিন্তু বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়ার পর আমরা সব কিছু ভুলে গিয়েছিলাম। আপনার সাহস থাকলে পদত্যাগ করে রাস্তায় গিয়ে তরুণদের বিরুদ্ধে আন্দোলন করুন।”
সভায় অন্যদের মধ্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এএফএম মেজবাহ উদ্দিন, আনিসুল হক, সুব্রত চৌধুরী, আইনজীবী সমিতির সাবেক সম্পাদক শ ম রেজাউল করিম, মো. আজাহার উল্লাহ ভূঁইয়া, মো. রবিউল আলম বুদু, মোশাররফ হোসেন সরদার, একেএম তৌহিদুর রহমান, সৈয়দ মামুন মাহবুব, শেখ সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ বক্তব্য দেন।
