রাজীববিরোধী প্রচারণায় বিচারক
ব্লগার রাজীব হায়দারকে ‘মুরতাদ’ আখ্যায়িত করে লেখা একটি প্রতিবেদন হাই কোর্টের বিচারপতিদের মাঝে বিতরণ করেছেন এক বিচারপতি।
ব্লগার আহমেদ রাজীব হায়দার।
হাই কোর্টের ওই বিচারপতির নাম মো. মিজানুর রহমান ভূঁঞা। তার পক্ষে জমাদার সিদ্দিকুর রহমান হাওলদার হাই কোর্টের বিচারপতিদের কক্ষে গিয়ে সুপ্রিম কোর্টের খামে করে প্রতিবেদনটি দিয়ে আসেন।
লেখার এক পর্যায়ে বলা হয়, ‘তার এসব ব্লগ পোস্ট আমাদের মুরতাদ সামলান রুশদীর কথা মনে করিয়ে দেয়।’
বেশ কয়েকটি সূত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন, দফায় দফায় হাই কোর্টের বিচারপতিরা এ নিয়ে বৈঠকের পর বিকালে দেখা করেছেন প্রধান বিচারপতির সঙ্গেও। প্রধান বিচারপতি ওই বিচারককে ডেকে পাঠিয়ে সতর্কও করেছেন।
এ বিষয়ে জমাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেখেন আমি হুকুমের চাকর। আমাকে স্যার কইলেন, হাই কোর্টের সব জজ সাবেরে এই চিঠি দিয়া আসতে। আমি প্রায় সবার চেম্বারে চেম্বারে যাইয়া দিয়া আসছি। এইডার বিতরে কী আছে, আমি জানি না।”
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার একেএম শামসুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ধরনের একটা খবর আছে। এটা ঠিকই আছে। আমার কানেও এসেছে। ব্লগার রাজীব হায়দারের নামে পত্রিকায় অপপ্রচার আসছে, সেটার কিছু কপি বিতরণও করা হয়েছে।
“ঘটনাটা ঠিকই। এটা ব্যাপক আলোচনার বিষয় হয়ে গেছে।”
যোগাযোগ করা হলে মো. মিজানুর রহমান ভূঁঞা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিটিং জাস্টিস হিসাবে আমি আপনার সঙ্গে কথা বলতে পারবো না।”
“কার নামে কখন এ দেশে কী হয়, আপনি মিডিয়ার লোক আপনি এটা ভালো করেই জানেন। কাজেই যার নামে কখন কী হয়, এটা আমার কাছে জিজ্ঞাসা না করে, যে সোর্স থেকে জেনেছেন, তাদের কাছে জেনে সেভাবে আগান।”
খবর বিতরণকারী এই বিচারপতি বিগত বিএনপি জামায়াত জোট সরকারের আমলে ২০০২ সালের ২৯ জুলাই হাই কোর্টে অতিরিক্ত বিচারপতি হিসাবে শপথ নেন। অতিরিক্ত বিচারপতির ২ বছর মেয়াদ শেষে ২০০৪ সালের ২৯ জুলাই তিনি হাই কোর্টের বিচারপতি হিসাবে শপথ নেন।
১৯৫০ সালের ৭ সেপ্টেম্বর জন্মগ্রহণকারী এই বিচারপতি হাই কোর্টে আইন পেশায় পরিচালনার অনুমতি পান ১৯৮৪ সালের ৭ জুলাই।
