টাঙ্গাইলে উত্তরপত্রসহ আটক ২ যুবক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণির একটি পরীক্ষার কিছু উত্তরপত্রসহ টাঙ্গাইলে দুই যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় শহর থেকে আটকরা হলেন সখীপুর উপজেলার সেলিম মিয়ার ছেলে মনিরুল সালেহ ওরফে রুমন (২৮) এবং মধুপুর উপজেলার ইয়াসিন আলীর ছেলে আবদুল্লাহ (২০)।
টাঙ্গাইল গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক হুমায়ুন কবির আকন্দ সাংবাদিকদের বলেন, সোমবার সন্ধ্যায় শহরের ক্লাব রোডের সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে গত ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত স্নাতক (সন্মান) ২য় বর্ষের ইংরেজি (আবশ্যক) পরীক্ষার অলিখিত ৪৯টি উত্তরপত্র ঢাকায় পাঠানো হচ্ছিল।
উত্তরপত্রগুলো কল্যাণপুর, সিরাজগঞ্জ ও নাটোরের নয়াপাড়া এলাকার ভূয়া ঠিকানা দিয়ে ঢাকায় পাঠানো হচ্ছিল। গোপন সংবাদ পেয়ে সেখান থেকে প্রথমে রুমনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
পরিদর্শক জানান, পরে রুমনের দেয়া তথ্য মতে শহরের বিশ্বাস বেতকা শিবনাথ পাড়া এলাকার শহীদুল ইসলামের বাসায় অভিযান চালানো হয়। সেখানের একটি মেস থেকে আরো ১৭টি লিখিত উত্তরপত্র, ১৮টি ওএমআর ও ৩০টি সাদা পৃষ্ঠা উদ্ধার করা হয়।
এ সময় সেখান থেকে আবদুল্লাহকেও আটক করা হয়। আটককৃতরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কিছু অসাধু ব্যক্তির সহায়তায় এসব উত্তরপত্র, ওএমআর সংগ্রহ করেছে বলে জানান পরিদর্শক।
তিনি আরো বলেন, আটকরা অর্থের বিনিময়ে শিক্ষার্থীদের পাশ করানোর জন্য এসব করে থাকেন। এ ঘটনায় জড়িত আরো অনেককে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
