শাহবাগ যাবে তৃণমূলে
যুদ্ধাপরাধের ফাঁসি ও জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি আরো জোরালো করতে দেশের সব প্রান্তে শাহবাগের মতো গণজাগরণ মঞ্চ গড়ে তোলার পরিকল্পনা করছেন এ আন্দোলনের উদ্যোক্তরা।
গত ৫ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা কাদের মোল্লার যাবজ্জীবনের রায় ঘোষণার পর তা প্রত্যাখ্যান করে শাহবাগে এই আন্দোলনের সূচনা হয়। ১৫ দিন ধরে সেখানে অবস্থান নিয়ে যুদ্ধাপরাধীর ফাঁসি এবং জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি জানিয়ে আসছে ছাত্র-জনতা।
এ আন্দোলনের অন্যতম সংগঠক ইমরান এইচ সরকার মঙ্গলবার সাংবাদিকদের বলেন, দাবি আদায়ে আন্দোলনকে দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে দিতে চান তারা। এ লক্ষ্যে আন্দোলনে অংশ নেয়া বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও ছাত্র সংগঠনের সঙ্গে তাদের আলোচনা হয়েছে।
তবে আন্দোলনকে তৃণমূলে নিয়ে যাওয়ার রূপরেখা এখনো নির্ধারিত হয়নি বলে জানান তিনি।
সারা দেশে সাধারণ মানুষকে এ আন্দোলনের সঙ্গে আরো বেশি সম্পৃক্ত করতেই এ উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানান ইমরান।
তিনি বলেন, ২১ ফেব্রুয়ারির মহাসমাবেশে এ বিষয়ে বিস্তারিত ঘোষণা আসতে পারে।
আন্দোলনের আরেক সংগঠক বাপ্পাদিত্য বসু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যে চেতনা নিয়ে এদেশের মানুষ পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, দেশকে স্বাধীন করেছিল- দেশের প্রতিটি জেলা, উপজেলা ও গ্রামে আমরা সেই চেতনার প্রদীপ নিয়ে যেতে চাই।
“দেশের প্রতিটি প্রান্ত থেকে যাতে মানবতাবিরোধী অপরাধীর ফাঁসির দাবি ওঠে এবং ওই সব অপরাধীদের বাঁচাতে যারা অপতৎপরতা চালাচ্ছে তাদের রুখে দেয়া হয় সেজন্যই আমাদের এ উদ্যোগ।”
শাহবাগ আন্দোলনের অন্যতম সংগঠক ইমরান এইচ সরকার
১৫ দিন ধরে চলতে থাকা এ আন্দোলন থেকে দেশ কি পেয়েছে- এমন প্রশ্নের জবাবে এই ব্লগার বলেন, “এটুকু বলতে পারি, দেশের সাধারণ মানুষের কাছে মুক্তিযুদ্ধের চেতনা এবং যে স্লোগানগুলো হারিয়ে গিয়েছিল সেগুলো আবার ফিরে এসেছে। রাজনৈতিক ভেদাভেদ ভুলে ৪২ বছরের সেই চেতনা আবার ফিরে এসেছে।”
“এ আন্দোলনের মধ্য দিয়ে যুদ্ধাপরাধীদের ফাঁসির বিষয়ে সারা দেশের মানুষের মধ্যে একটি ঐকমত্য চলে এসেছে। জামায়াতের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান- যেগুলোর বিষয়ে মানুষ জানতো না, সেগুলোর বিষয়ে মানুষ সচেতন হয়েছে। আর তার প্রতিফলন আমরা দেখেতে পাচ্ছি, মানুষ এগুলোকে বয়কট করা শুরু করেছে।”
এদেশের মানুষ যে মুক্তিযুদ্ধের চেতনার সমান্তরালে ‘ভিন্ন কোনো মতবাদ বা আদর্শে’ বিশ্বাস করবেন না- তাও এ আন্দোলনের মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
