২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাগরণের ১৫ দিন

স্লোগান আর গানে দ্বিতীয় পক্ষে গড়িয়েছে শাহবাগের জাগরণ, যুদ্ধাপরাধীদের সর্বাচ্চ শাস্তির দাবিতে যেখানে বিক্ষোভ করছেন তরুণ যুবারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2013, 06:07 AM

Updated : 23 Aug 2022, 10:14 AM

অন্যান্য দিনের মতোই সকাল ৬টায় জাতীয় সংগীতে শুরু হয় দিনের বিক্ষোভ। সকাল থেকেই বিক্ষোভের কেন্দ্রস্থলে জড়ো হতে দেখা যায় স্কুলের শিক্ষার্থীদের। রাজধানীর বাইরে থেকেও আন্দোলনে শরিক হতে এসেছেন অনেকে।

শাহবাগের বিক্ষোভে এসে সোমবার বিকালে হৃদরোগে মারা যান কার্টুনিস্ট ও নাট্য পরিচালক তরিকুল ইসলাম শান্ত। তার জানাযার জন্য বেলা ১১টা থেকে জানাযা শেষ না হওয়া পর্যন্ত জাগরণ মঞ্চের মাইক বন্ধ রাখা হয়। এ সময় সবাইকে শান্তর জানাজায় অংশ নিতে আহবান জানানো হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে শান্তর জানাজা হয় বেলা ১১টায়। এ সময় গণ জাগরণ মঞ্চ থেকে তার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানানো হয়।

সোমবার দুপুর ৩ টার দিকে অন্যান্য সহকর্মীর সঙ্গে শাহবাগের প্রজন্ম চত্বরে মিছিল করে পৌঁছানোর পর হৃদরোগে আক্রান্ত হন এই কার্টুনিস্ট। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আগের ১৪ দিনের মতো মঙ্গলবার সকাল থেকেই মূল মঞ্চ ঘিরে চলছে অবিরাম স্লোগান আর গান। ‘ধিন তাক তাক ধিন তাক/রাজাকার নিপাত যাক’, ‘গলাকাটা রাজনীতি/ আইন করে নিষিদ্ধ করো’, ‘রগ কাটা রাজনীতি/বন্ধ করো বন্ধ করো’, ‘জেগে ওঠে শাহবাগ/ জেগে ওঠে বাংলা’, ‘শাহবাগ ঘুমায় না/জেগে ওঠে তারুণ্য’, ‘মাগো তোমায় কথা দিলাম/রাজীব হত্যার বদলা নেব’- ইত্যাদি শ্লোগানে প্রকম্পিত হয় শাহবাগ।

শ্যামপুর থেকে জাগরণে যোগ দিতে আসা মুক্তিযোদ্ধা হাজী মাহবুবুল আলম বলেন, “একদিন দেশের টানে যুদ্ধ করেছি। এখন বয়স হয়েছে কিন্তু এখানে এসে গর্বে বুকটা ভরে উঠছে।”

নিজ হাতে আঁকা যুদ্ধাপরাধীদের বিচারের দাবি সম্বলিত কয়েকটি পোস্টার তিনি দিয়ে যান গণ জাগরণ মঞ্চে।

পাবনা থেকে আসা আরেক মুক্তিযোদ্ধা বলেন, “তরুণরা জেগেছে, এদেশে আর কোনো রাজাকার-আল বদরের চিহ্ন থাকবে না।”

সোমবারের ঘোষণা অনুযায়ী অবস্থান কর্মসূচি অব্যাহত রেখে ২১ ফেব্রুয়ারি আবার মহাসমাবেশ হবে শাহবাগে।

২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দেয়া হবে।

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শহীদ মিনারে বিকাল ৩টায় একযোগে একুশের গান গাইতে গণজাগরণ মঞ্চ থেকে আহ্বান জানানো হয়েছে।

এর আগের দিন ২০ ফেব্রুয়ারি বিকাল ৪টা ১৩ মিনিটে মুক্তিযুদ্ধের শহীদদের উদ্দেশে দেশের প্রতিটি মানুষকে একটি করে চিঠি লিখে বেলুনে বেঁধে ওড়ানোর আহ্বান জানিয়েছে গণজাগরণ মঞ্চ।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিকাল ৪টা ১৩ মিনিটে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণের দলিলে সই করেছিল বলেই ওই সময়টি কর্মসূচি পালনের জন্য বেছে নিয়েছে ৪২ বছর পরের এই আন্দোলনকারীরা।

একাত্তরের যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামীর নেতা আব্দুল কাদের মোল্লার যাবজ্জীন সাজার রায় প্রত্যাখ্যান করে গত ৫ ফেব্রুয়ারি শুরু হয় শাহবাগের জাগরণ। এই আন্দোলনে দেশবাসীর অকুণ্ঠ সমর্থনের পর যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করেছে সরকার।

আইন সংশোধনের ফলে আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায়ের বিরুদ্ধে যেমন সরকার আপিল করতে পারবে, তেমনি যুদ্ধাপরাধের জন্য দল হিসেবে জামায়াতে ইসলামীরও বিচার করা যাবে।

পুরনো খবর:

শাহবাগে অসুস্থ হয়ে কার্টুনিস্টের মৃত্যু
সারথি পুরো বাংলাদেশ