সারথি পুরো বাংলাদেশ
জামায়াতের হরতাল প্রত্যাখ্যানের ঘোষণা এসেছিল আগেই, সঙ্গে ছিল ব্লগার রাজীব হায়দারের শোক। সব মিলিয়ে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে উত্তাল দিন পাড়ি দিল শাহবাগের গণজাগরণ মঞ্চ, সারথি যার বাংলাদেশের কোটি মানুষ।
ভোরের আলো ফোঁটার সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আসতে শুরু করে, অন্যান্য দিনের তুলনায় যে চিত্র ছিল খানিকটা ভিন্ন।
মুক্তিযোদ্ধা থেকে শুরু করে অভিনেতা, নাট্যকার, পরিচালক, প্রযোজক ছাড়াও দিনভর এই ‘দ্বিতীয় মুক্তিযুদ্ধে’ সংহতি জানাতে এসেছেন নানা পেশার মানুষ।
১৪তম দিনেও যেন ক্লান্তির ছাপ নেই তরুণ প্রজন্মের। তবে জামায়াতের হরতালের মধ্যে ‘প্রজন্ম চত্বরে’ প্রাণচাঞ্চল্য ছিল চোখে পড়ার মতো।
দুপুর গড়িয়ে বিকেল হতেই ভির বাড়তে খাকে। গণজাগরণ মঞ্চ থেকে শানিত কণ্ঠে স্লোগান ওঠে - জামায়াত শিবিরের হরতাল/মানি না মানব না, জামায়াত-শিবিবের রাজনীতি/আইন করে বন্ধ করো।
সোমবার প্রাচ্যনাট পরিবেশন করেছে নাটক। দুপুরে বক্তব্য দেয় বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ব্লগার রাজীবের স্মরণে বেলা ১১টায় প্রজন্ম চত্বরে কালো পতাকা উত্তোলন করা হয়। এ সময় এক মিনিট নীরবতা পালন করেন সমবেতরা। রাজীব স্মরণে অনেকের হাতে দেখা যায় কালো কাপড়ের ব্যান্ড, বুকে কালো ব্যাজ।
সংহতি প্রকাশ করে অর্থমন্ত্রী বলেন, “তরুণ প্রজন্ম বছরের পর বছর বিকৃত ইতিহাস জেনেছে। এরপরও মুক্তিযুদ্ধের চেতনা এতোই শক্তিশালী যে, এটা কেউ কোনদিনও আটকে রাখতে পারবে না। আমরা জণগণের অর্নৈতিক স্বাধীনতা প্রতিষ্ঠা করবো। এদেশে আলবদর জামায়াতের কোন স্থান নেই।”
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়ার পর ওই রায় প্রত্যাখ্যান করে তার ফাঁসির দাবিতে গত ৫ ফেব্রুয়ারি এই আন্দোলন শুরু করে ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্ক। ধীরে ধীরে তা রূপান্তরিত হয় জনতার আন্দোলনে।
জাগরণের একাদশ দিন শুক্রবার রাজধানীর পল্লবীতে নিজের বাসার সামনে খুন হন ব্লগার আহমেদ রাজীব হায়দার।
তার পরিবার ও শাহবাগের আন্দোলনকারীদের দাবি, অনলাইনে জামায়াত শিবিরের স্বরূপ উন্মোচনে লেখালেখিতে সক্রিয় স্থপতি রাজীব ওই দলটির হাতেই খুন হয়েছেন।
শুক্রবার জাগরণ সেমাবেশে প্রথমে কর্মসূচির সময় কমিয়ে আনার কথা বলা হলেও রাজীব হত্যার খবরে টানা আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়।
