২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ ফেব্রুয়ারি মহাসমাবেশ

অবস্থান কর্মসূচি অব্যাহত রেখে ২১ ফেব্রুয়ারি আবার শাহবাগে মহাসমাবেশের কর্মসূচি দিয়েছে গণজাগরণ মঞ্চ।

রিয়াজুল বাশার

ও আশিক হোসেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2013, 03:14 PM

Updated : 13 Oct 2022, 02:48 PM

পুরনো খবর:

কালোয় শোক, কালোয় প্রত্যাখ্যান

যুদ্ধাপরাধীদের ফাঁসি এবং জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে প্রজন্ম চত্বরে অবস্থান থেকে সোমবার রাতে এই কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারীদের মুখপাত্র ইমরান এইচ সরকার।

২১ ফেব্রুয়ারি ভাষাশহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রথম প্রহরে গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দেয়া হবে।

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শহীদ মিনারে বিকাল ৩টায় একযোগে একুশের গান গাইতে গণজাগরণ মঞ্চ থেকে আহ্বান জানানো হয়েছে।

ইমরান বলেন, “মাদ্রাসাসহ সব শিক্ষা প্রতিষ্ঠানের যেগুলোতে শহীদ মিনার নেই, তা ২১ ফেব্রুয়ারির মধ্যেই নির্মাণ করতে হবে।”

২১ ফেব্রুয়ারির আগের দিন ২০ ফেব্রুয়ারি বিকাল ৪টা ১৩ মিনিটে মুক্তিযুদ্ধে শহীদদের উদ্দেশে দেশের প্রতিটি মানুষকে একটি করে চিঠি লিখে তা একটি বেলুনে বেঁধে ওড়ানোর আহ্বান জানিয়েছে গণজাগরণ মঞ্চ।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিকাল ৪টা ১৩ মিনিটে পাকিস্তান মুক্তিযুদ্ধে আত্মসমর্পণের দলিলে সই করেছিল বলে এই কর্মসূচি পালনের জন্য এই সময়টি বেছে নিয়েছে ৪২ বছর পরের এই আন্দোলনকারীরা।

শাহবাগ আন্দোলনের সঙ্গে একাত্মতা জানাতে আসা কার্টুনিস্ট তরিকুল ইসলাম শান্ত মারা যাওয়ায় শোক জানিয়েছে গণজাগরণ মঞ্চ।

মঙ্গলবার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে তরিকুলের জানাজায় অংশ নিতেও সবার প্রতি আহ্বান  জানানো হয়।

গত ৫ ফেব্রুয়ারি শুরু হওয়া শাহবাগে টানা কর্মসূচির চতুর্দশ দিনে নতুন কর্মসূচি ঘোষণা হল।

Image
সোমবার জামায়াতে ইসলামীর ডাকা হরতালের সকালে রাজধানীর শাহবাগের প্রজন্ম চত্বরে বিক্ষোভকারীদের সঙ্গে একাত্মতা জানায় বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্যরা।

সোমবার জামায়াতে ইসলামীর ডাকা হরতালের সকালে রাজধানীর শাহবাগের প্রজন্ম চত্বরে বিক্ষোভকারীদের সঙ্গে একাত্মতা জানায় বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্যরা।

এই আন্দোলনে দেশবাসীর অকুণ্ঠ সমর্থনের পর যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করেছে সরকার।

আইন সংশোধনের ফলে আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায়ের বিরুদ্ধে যেমন সরকার আপিল করতে পারবে, তেমনি যুদ্ধাপরাধের জন্য দল হিসেবে জামায়াতে ইসলামীরও বিচার করা যাবে।

গণজাগরণ মঞ্চের নামে টেলিভিশনের বিভিন্ন আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন ইমরান।

তিনি বলেন, “বিভিন্ন টেলিভিশেনের টক শো-তে গণজাগরণ মঞ্চের নামে অনেকে বক্তব্য প্রদান করছেন, যা বিভিন্ন বিভ্রান্তির জন্ম দিচ্ছে।

“মিডিয়াকে অনুরোধ করব, তারা গণজাগরণ মঞ্চের কাউকে টক শো-তে আমন্ত্রণ জানাতে চাইলে প্রথমে মিডিয়া সেলের সঙ্গে কথা বলে নেবেন।”

শাহবাগ আন্দোলনের কর্মীদের অর্থ সহায়তার বিষয়ে তাদের মুখপাত্র বলেন, “আমরা এখনো পর্যন্ত মঞ্চের পক্ষ থেকে কোনো অর্থ নিচ্ছি না। বিভিন্ন হৃদয়বান ব্যক্তি আমাদের খাদ্য সরবরাহ করে সহযোগিতা করছেন।”

গণজাগরণ মঞ্চের নামে কেউ অর্থ সংগ্রহ করলে তাকে পুলিশে ধরিয়ে দিতে দেশবাসীর প্রতি অনুরোধ জানান ইমরান।

শাহবাগে এই কর্মসূচি টানা চালিয়ে গত শুক্রবার মহাসমাবেশের পর পরদিন থেকে সাত ঘণ্টা অবস্থানের ঘোষণা দেয়া হয়েছিল।

তবে ওই রাতে গণজাগরণ মঞ্চের কর্মী ব্লগার আহমেদ রাজীব হায়দার খুন হলে এবং জামায়াতে ইসলামী হরতাল ডাকলে পুনরায় ২৪ ঘণ্টার ঘোষণা দেয়া হয়।