কালোয় শোক, কালোয় প্রত্যাখ্যান
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আন্দোলনের ‘প্রথম শহীদ’ আহমেদ রাজীব হায়দারের জন্য শোক আর জামায়াতে ইসলামীর হরতাল প্রত্যাখ্যানে স্লোগানের মধ্য দিয়ে শাহবাগে চলছে টানা চৌদ্দ দিনের বিক্ষোভ।
সোমবার জামায়াতের হরতালের মধ্যে শাহবাগের ‘প্রজন্ম চত্বরে’ প্রাণচাঞ্চল্য যেন আরো বেড়েছে। গত কয়েক দিনের সকালের তুলনায় এদিন ছাত্র-জনতার ভিড় বেশি দেখা যাচ্ছে।
গণজাগরণ মঞ্চ থেকে শানিত কণ্ঠে শ্লোগান উঠছে- জামায়াত শিবিরের হরতাল/মানি না মানব না, জামায়াত-শিবিবের রাজনীতি/আইন করে বন্ধ করো।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ব্লগার রাজীবের স্মরণে বেলা ১১টায় প্রজন্ম চত্বরে কালো পতাকা উত্তোলন করা হয়। এ সময় এক মিনিট নীরবতা পালন করেন সমবেতরা।
সারাদেশের বাসা বাড়ি, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্য প্রতিষ্ঠানেও কালো পতাকা উত্তোলনের আহবান জানানো হয়েছে জাগরণ মঞ্চ থেকে।
অন্যান্য দিনের মতো সকাল থেকেই বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা দলে দলে শাহবাগে আসছেন। শহীদ রাজীব স্মরণে তাদের অনেকেরই হাতে দেখা যায় কালো কাপড়ের ব্যান্ড, বুকে কালো ব্যাজ।
যে সাত দফা দাবিতে এই আন্দোলন চলছে, তার মধ্যে একটি পূরণ হয়েছে রোববার।
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তির পাশাপাশি দল বা সংগঠনের বিচারের সুযোগ রেখে আন্তর্জাতিক অপরাধ আইন সংশোধন বিল জাতীয় সংসদে পাস হওয়ার খবর রোববার বিকালে গণজাগরণ মঞ্চে পৌঁছানোর সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে জনতা।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়ার পর ওই রায় প্রত্যাখ্যান করে তার ফাঁসির দাবিতে গত ৫ ফেব্রুয়ারি এই আন্দোলন শুরু করে ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্ক। ধীরে ধীরে তা রূপান্তরিত হয় জনতার আন্দোলনে।
জাগরণের একাদশ দিন শুক্রবার রাজধানীর পল্লবীতে নিজের বাসার সামনে খুন হন ব্লগার আহমেদ রাজীব হায়দার। তার পরিবার ও শাহবাগের আন্দোলনকারীদের দাবি, অনলাইনে জামায়াত শিবিরের স্বরূপ উন্মোচনে লেখালেখিতে সক্রিয় স্থপতি রাজীব ওই দলটির হাতেই খুন হয়েছেন।
শুক্রবার জাগরণ সেমাবেশে প্রথমে কর্মসূচির সময় কমিয়ে আনার কথা বলা হলেও রাজীব হত্যার খবরে টানা আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়।
এরপর ঘোষণা কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণের নতুন কর্মসূচি আসে। এছাড়া জামায়াতের ডাকা হরতাল প্রত্যাখান করে দোকান-পাট, অফিস আদালত, ব্যাংক বীমা ও শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখারও আহ্বান জানানো হয়।
