রাজিব হত্যার প্রতিবাদ চট্টগ্রাম আ.লীগের
শাহবাগ গণআন্দোলনের কর্মী ও ব্লগার আহমেদ রাজীব হায়দারকে জামায়াত-শিবির ‘হত্যা’ করেছে অভিযোগ করে বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম নগর আওয়ামী লীগ।
সোমবার দুপুরে আওয়ামী লীগের দলীয় কার্যালয় দারুল ফজল মার্কেট এলাকায় এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী।
সমাবেশে তিনি বলেন, “একাত্তরের পরাজিত শক্তির প্রেতাত্মা জামায়াত-শিবিরকে জাতি আজ প্রত্যাখ্যান করেছে। জামায়াত-শিবিরের অপশক্তির বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে সবাইকে নতুন প্রজন্মের পাশে দাঁড়াতে হবে।”
মহিউদ্দিন চৌধুরী আরো বলেন, রাজীব হায়দারের ‘হত্যাকারী জামায়াত-শিবিরের’ রাজনীতি নিষিদ্ধ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে জাতি ঐক্যবদ্ধ।
“এ ঐক্যের শক্তিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।”
জামায়াত-শিবিরের সোমবারের হরতালকে ‘গণবিরোধী’ অভিহিত করে জনগণ এ হরতাল প্রত্যাখ্যান করেছে দাবি করে দেশবাসীকে অভিনন্দন জানান তিনি।
সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য শফিক আদনান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতা মোতাহেরুন ইসলাম চৌধুরী, বখতেয়ার উদ্দিন খান, তারেক সোলায়মান সেলিম প্রমুখ।
সমাবেশ শেষে সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাব চত্বরে গণজাগরণ মঞ্চে গিয়ে সংহতি প্রকাশ করে।
