কালো পতাকা মিছিল করে চট্টগ্রামে হরতাল প্রত্যাখ্যান
কালো পতাকা নিয়ে মিছিল- সমাবেশ করে চট্টগ্রামে জামায়াতের হরতালকে প্রত্যাখ্যান করেছে ‘গণজাগরণ মঞ্চ’।
সোমবার চট্টগ্রামের গণ জাগরণ মঞ্চের কার্যক্রম শুরু হয় প্রতিদিনকার বিকাল তিনটার পরিবর্তে সকাল দশটায়।
বুকে কালো ব্যাজ, মাথায় কালো কাপড় বেঁধে এবং হাতে কালো পতাকা নিয়ে হরতাল বিরোধী মিছিল করেছে সমাবেশ স্থলে জড়ো হওয়া হাজারো জনতা।
জামায়াতের হরতাল প্রত্যাখান করে গণজাগরণ মঞ্চের সমাবেশে অংশ নেয় সর্বস্তরের জনতা। মঞ্চের কর্মীদের সাথে সাথে তারাও যুদ্ধাপরাধীদের ফাঁসি এবং হরতাল প্রত্যাখানের স্লোগান তুলতে থাকেন।
বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে মানুষের ভিড়। মিছিলে স্লোগানে মুখরিত পুরো চট্টগ্রাম প্রেসক্লাব এলাকা।
দুপুরে সমাবেশ স্থলে এসে জমায়েত হতে থাকে হরতাল প্রত্যাখান করে স্কুলে আসা বিভিন্ন স্কুলের ক্ষুদে শিক্ষার্থী ও শিক্ষক এবং তাদের অভিভাবকরা।
উপস্থিত সবার বুকে ছিল কালো ব্যাজ এবং হাতে কালো পতাকা। বড়দের সাথে সাথে ছোটরাও সমাবেশ স্থলে যুদ্ধাপরাধীদের বিচার এবং জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।
স্লোগানের মধ্যে ছিল- ‘রাজাকারের ফাঁসি চাই, একটাই দাবি রাজাকারের ফাঁসি’, ‘জামায়াতে ইসলাম, মেড বাই পাকিস্তান’, ‘মন্দির মসজিদ গীর্জায় রাজনীতির ঠাঁই নাই’।
এদিকে, ব্লগার রাজিব হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতেও বিভিন্ন স্লোগানে মুখরিত ছিল পুরো প্রেস ক্লাব এলাকা।
সমবেত জনতা রাজিব হত্যার প্রতিবাদে স্লোগান তুলতে থাকে - ‘আর নয় প্রতিরোধ, এবার হবে প্রতিশোধ’, ‘রাজিবের রক্ত বৃথা যেতে পারে না’, ‘মাগো তোমায় কথা দিলাম, রাজিব হত্যার বদলা নিব’।
একইসাথে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিও জানানো হয়।
এসময় গণ জাগরণ মঞ্চে উদীচী ছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীসহ বিভিন্ন শিল্পী প্রতিবাদী গান পরিবেশন করেন।
