কুমিল্লায় মঙ্গলবারও হরতাল জামায়াতের
হরতালে শিবিরকর্মী নিহতের প্রতিবাদে কুমিল্লা জেলায় মঙ্গলবার আধাবেলা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।
সোমবার হরতাল চলাকালে চৌদ্দগ্রাম উপজেলার আমজাদের বাজার এলাকায় জামায়াত-শিবিরকর্মীরা ব্যাপক হামলা, ভাংচুর ও সহিংসতা চালায়। এক পর্যায়ে পুলিশের উপর হামলা চালালে ‘আত্মরক্ষার্থে’ গুলি চালায় পুলিশ।
তখন ইব্রাহিম (২১) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হন, যাকে শিবিরকর্মী বলে দাবি করেছেন জামায়াত নেতারা।
জামায়াতের কুমিল্লা (দক্ষিণ) জেলা আমীর আব্দুস সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইব্রাহিম হত্যা ও নেতাকর্মীদের উপর গুলি বর্ষণের প্রতিবাদে মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত পুরো জেলায় হরতালের ডাক দেয়া হযেছে।”
কক্সবাজারে গত শুক্রবারের সহিংসতায় হতাহতের প্রতিবাদে সারা দেশে সকাল-সন্ধ্যা এই হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। তবে একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী এই দলের হরতাল প্রত্যাখ্যানের ঘোষণা এসেছে সমাজের বিভিন্ন অংশ থেকে।
