২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরাগ অপহরণ: পাঁচ আসামিকে গ্রেপ্তারে ২৪ ঘণ্টা সময়

কেরানীগঞ্জে পরাগ মণ্ডল অপহরণ মামলায় জামিন বাতিল হওয়া পাঁচ আসামিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2013, 10:32 AM

Updated : 23 Aug 2022, 10:14 AM

বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মাহমুদুল হকের বেঞ্চ সোমবার এই আদেশ দেয়।

এই পাঁচ আসামিকে জামিনের আদেশ দেয়া বিচারককে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছে আদালত।

রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার এবং আবেদনকারীর পক্ষে ইউনুস আলী আকন্দ আদালতে এ বিষয়ে শুনানি করেন।

ইউনুস আলী পরে সাংবাদিকদের বলেন, “ওই পাঁচজনকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে প্রতিবেদন দাখিল করতে বলেছে হাই কোর্ট। দুপুরে আদেশের পর থেকেই ২৪ ঘণ্টা গণনা শুরু হয়েছে।”

জানুয়ারি ও ফেব্রুয়ারির শুরুর দিকে কয়েক দফায় এই অপহরণ মামলার আসামি আবুল কাশেম, আমিনুল হক ওরফে জুয়েল মোল্লা, আলফাজ, রিজভী আহমেদ অনিক ও মামুনকে জামিন দেন ঢাকার জেলা জজ আব্দুল মজিদ।

এরপর এক আবেদনের ভিত্তিতে ওই বিচারক এবং তার আদালতের পাবলিক প্রসিকিউটরকে তলব করে হাই কোর্ট। পরে একই বিচারক গত রোববার এই জামিন আদেশ বাতিল করে দেন।

জামিন বাতিলের আদেশে বলা হয়, পরাগ অপহরণ মামলাটি একটি আলোচিত মামলা। আসামিরা জামিনে মুক্ত হয়ে বাদীসহ আত্মীয়-স্বজনদের বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখাচ্ছে, তদন্ত কাজে বাধা সৃষ্টি করছে।

আগামী ১৯ ফেব্রুয়ারি মধ্যে আসামিদের আদালতে আত্মসমর্পণ করতে বলেছে আদালত। তা না হলে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে।

গত বছরের ১১ নভেম্বর সকালে মা-বোনকে গুলি করে কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকা থেকে অপহরণ করা হয় শিশু পরাগকে।

অপহরণের ৬৪ ঘণ্টা পর ১৩ নভেম্বর মধ্যরাতে কেরানীগঞ্জের আঁটিবাজার এলাকা থেকে অচেতন অবস্থায় পরাগকে উদ্ধার করা হয়।

শুরু থেকেই অভিযোগ ছিল, শুভাঢ্যা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি জুয়েল মোল্লা এই অপহরণের অন্যতম পরিকল্পনাকারী।

পুলিশ প্রথমে গড়িমসি করলেও হাই কোর্টের নির্দেশে গত বছরের ২২ নভেম্বর তাকে গ্রেপ্তার করে।

পাঁচ আসামি বেরিয়ে গেলেও এই মামলার অন্য পাঁচ আসামি এখনো কারাগারে আছেন। তারা হলেন- আমির হোসেন, আলী রিফাত, জাহিদুল হাসান, কালাচাঁদ ও আল আমিন। এই পাঁচজনই আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।