২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘যুক্তরাজ্য ট্রাইব্যুনালে ন্যায়বিচার দেখতে চায়’

যুক্তরাজ্য ‘ন্যায় বিচারের মাধ্যমে’ মানবতাবিরোধী অপরাধীদের সাজা দেখতে চায় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ প্রতিমন্ত্রী সাইয়েদা হুসেইন ওয়ারসি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2013, 09:35 AM

Updated : 23 Aug 2022, 10:14 AM

Image
সাইয়েদা হুসেইন ওয়ারসি

সাইয়েদা হুসেইন ওয়ারসি

পাকিস্তানি বংশোদ্ভূত এই ব্রিটিশ নেতা সোমবার গণভবণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করে এ কথা বলেন। পরে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব নজরুল ইসলাম এ বিষয়ে সাংবাদিকদের জানান।

সাক্ষাতকালে সাইয়েদা হুসেইন ওয়ারসি বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে যারা মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত ছিল, ন্যায় বিচারের মাধ্যমে তাদের সাজা দেখতে চায় ব্রিটিশ সরকার।

প্রধানমন্ত্রী তাকে বলেন, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আইন সবচেয়ে উদার। অন্যান্য দেশের আইনে আপিল করার সযোগ না থাকলেও বাংলাদেশের আইনে তা আছে। ন্যায় বিচার নিশ্চিত করার জন্যই তা করা হয়েছে।

একাত্তরে পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগী হয়ে নিরস্ত্র বাঙালির ওপর নির্যাতন, হত্যা, ধর্ষণের মতো মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর দুই নেতার সাজার রায় হয়েছে ট্রাইব্যুনালে। এছাড়া জামায়াতের আরো আট নেতা ও বিএনপির দুইজিনের বিচার চলছে।  

শেখ হাসিনা ও সাইয়েদা ওয়ারসির মধ্যে বাংলাদেশর নির্বাচন নিয়েও আলোচনা হয়।

বর্তমান সরকারের সময়ে জাতীয় সংসদের উপ-নির্বাচনসহ স্থানীয় সরকার পর্যায়ের হয়ে যাওয়া প্রায় সাড়ে পাঁচ হাজার নির্বাচনের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি নির্বাচনই সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। কোনো নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের নির্বাচন কমিশন স্বাধীন ও শক্তিশালী। নির্বাচনের সময়ে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কমিশনের অধীনেই থাকে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনও স্বাধীন ও নিরপেক্ষ হওয়ার আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না।

সাইয়েদা হুসেইন ওয়ারসি বর্তমান সরকারের সময়ে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করেন।

এই প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, সরকারের গণমুখী এবং সময়োপযোগী পদক্ষেপের জন্যই উন্নয়ন সম্ভব হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, তার সরকার নাগরিকদের খাদ্য নিরাপত্তা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করেছে। সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথাও প্রধানমন্ত্রী তুলে ধরেন।

ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ প্রতিমন্ত্রী সাইয়েদা ওয়ারসি তিন দিনের সফরে বাংলাদেশে এসেছেন।

অন্যদের মধ্যে অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আব্দুস সোবহান গোলাপ এবং বাংলাদেশে ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডব্লিউ গিবসন এ সময় উপস্থিত ছিলেন।