মমতাকে মানানোর আশা দিয়ে গেলেন সালমান
আগামী সেপ্টেম্বরে শেখ হাসিনার ভারত সফরের আগেই তিস্তা চুক্তিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে রাজি করানোর আশা দিয়ে ঢাকা ছেড়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ।
দুই দিনের সফরে ঢাকায় আসা সালমানের উপস্থিতিতে রোববার এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তিস্তা চুক্তি স্বাক্ষরে ভারতকে আরো ‘উদার’ দৃষ্টিভঙ্গী নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।
ঢাকা ছাড়ার আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বলেন, তিস্তার পানি বণ্টন হলে তার প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে বলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সহযোগিতা ও সমর্থন প্রয়োজন হবে।
“আমি আশা করছি, আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাকি কাজগুলো শেষ হবে।”
২০১১ সালে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফরে তিস্তা চুক্তি হওয়ার কথা থাকলেও মমতার আপত্তিতে তা আটকে যায়।
আগামী সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের কথা রয়েছে।
তিস্তার প্রসঙ্গ ধরে সালমান খুরশিদ বলেন, “তার আগে আমাদের প্রচুর কাজ করতে হবে।”
বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত চুক্তি অনুমোদনে সংবিধান সংশোধনের জন্য লোকসভার আগামী অধিবেশনে তোলা হবে বলে জানান তিনি।
এর মধ্যেই তিস্তার পানিবণ্টন চুক্তি নিয়ে কাজ চলতে থাকবে বলে জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী।
তিনি আশা করছেন, তিস্তার পানি বণ্টন চুক্তির ক্ষেত্রে সাংবিধানিক কোনো বিষয় নেই বলে এই কাজটি অনেক সহজ হবে।
এই সফরে সালমান খুরশিদ দুই দেশের মধ্যে ১০০ কোটি ডলার ঋণ চুক্তির আওতায় পদ্মা সেতুর অনুদানের জন্য ২০ কোটি ডলারের চেক প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।
ঋণ চুক্তির আওতায় ভারত থেকে আসা ৫০টি আর্টিকুলেটেড বাসও রোববার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়।
