২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাইব্যুনালকে স্থায়ী করতে হবে: শাহরিয়ার কবীর

আইন করে আন্তর্জতিক অপরাধ ট্রাইব্যুনালকে স্থায়ী করার দাবি জানিয়েছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার  কবীর।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2013, 03:24 PM

Updated : 23 Aug 2022, 10:13 AM

রোববার খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকার পরিবর্তন হলেও এ আদালত  যেন তার কাজ স্বাভাবিকভাবে চালিয়ে যেতে পারে সে ব্যবস্থা নিতে হবে।

পাশাপাশি সংবিধানের ৪৯ ধারায়  দণ্ড বাতিলে রাষ্ট্রপতির ক্ষমতাকে রহিত করারও দাবি জানান তিনি।

শাহরিয়ার কবীর বলেন, ট্রাইব্যুনালকে নিরাপত্তার চাদরে ঢেকে দিতে হবে।সাক্ষীদের সুরক্ষিত নিরাপত্তা নিশ্চিত করতে হবে।প্রয়োজনে ক্যান্টনমেন্টে অ্যাপার্টমেন্ট ভাড়া করে সেখানে তাদের রাখতে হবে।

কাদের মোল্লার দণ্ড সম্পর্কে শাহরিয়ার কবীর বলেন, বিচারক, আইনজীবী ও প্রসিকিউটররা হত্যার বিচার করেছেন। গণহত্যার বিচার করেননি। তাই যাবজ্জীবনের রায় এসেছে। সাক্ষ্য প্রমাণে আলবদরের প্রধান হিসেবে কাদের মোল্লা প্রমাণিত হয়েছেন। যুদ্ধাপরাধ আইনে আলবদরের প্রধান প্রমাণিত হলে তার মৃত্যুদণ্ডের বিধান রয়েছে।

জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধের প্রসঙ্গে তিনি বলেন, সংবিধান অনুযায়ী কোনো রাজনৈতিক দল যদি জঙ্গি কার্যক্রম চালালে, সাম্প্রদায়িক উস্কানি দিলে এবং দলের গঠনতন্ত্র সংবিধান পরিপন্থী হলে সে দলকে নিষিদ্ধ করার সুযোগ রয়েছে।

এ সকল কর্মকাণ্ড জামায়াতে ইসলামীর মধ্যে রয়েছে। তাই জামায়াতকে নিষিদ্ধ করার যথেষ্ট সুযোগ রয়েছে।

তিনি বলেন, নুরেমবার্গে সাতটি নাৎসি সংগঠনের বিচার করা হয়েছিল। নাৎসি পার্টিকে নিষিদ্ধ করা হয়েছে।

জামায়াতে ইসলামীর রাজাকার আলবদর আলশামসদের পাশাপাশি দলিটিরও বিচার করতে হবে। আর এ কাজটি করে ৩০ লাখ শহীদ পরিবারের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে হবে।

তিনি অভিযোগ করেন, য়ুক্তরাষ্ট্র মুক্তিযুদ্ধের সময় আমাদের বিরোধিতা করেছিল।  এখন তারা জামায়াতকে নিষিদ্ধ না করার জন্য নানারকম কৌশল ও চাপ প্রয়োগ করছে।

শহরিয়ার কবীর আরো বলেন, শুধু ১০ জন যুদ্ধাপরাধীর বিচার করলে চলবে না। জেলা থানা ও ইউনিয়ন পর্যায়ের  যুদ্ধাপরাধীদের আইনের আওতায় আনতে হবে।

বঙ্গবন্ধু বিচার কার্যক্রম শুরু করেছিলেন। ৭৫২জনকে মৃত্যুদণ্ডসহ বিভিন্ন দণ্ডে দণ্ডিত করা হয়েছিল। পরবর্তীতে দালাল আইন বাতিল করে দণ্ডিতদের ছেড়ে দেয়া হয়।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির খুলনা জেলা সভাপতি শেখ বাহারুল আলম, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহামম্মদ আলমগীর, খুলনা প্রেসক্লাবের সভাপতি মকবুল হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, মুক্তিযোদ্ধা শেখ আব্দুল কাইয়ুম প্রমুখ।