‘জামায়াতকে ২২টি প্রতিষ্ঠান অর্থ ও অস্ত্র দিয়েছে’
কক্সবাজারে শুক্রবার সহিংসতা চালাতে জামায়াতকে ২২টি প্রতিষ্ঠান অর্থ ও অস্ত্র দিয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগসহ ১৪ দলের নেতারা।
রোববার বিকালে কক্সবাজার শহরে একটি আবাসিক হোটেলে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তারা।
তারা বলেন, টাকার বিনিময়ে রোহিঙ্গা ভাড়া করা এবং সশস্ত্র রোহিঙ্গা জঙ্গিদের জড়ো করে সাঈদী মুক্তি পরিষদের ব্যানারে জামায়াত পরিকল্পিতভাবে এই নাশকতা সৃষ্টি করে।
লিখিত বক্তব্যে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আহমদ হোসেন বলেন, শুক্রবার জুমার নামাজের পর কক্সবাজারে চালানো তা-ব পরিকল্পিত। এতে ২২টি ব্যবসায়ীক প্রতিষ্ঠান অর্থ ও অস্ত্র সরবরাহ করেছে।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মিশন গ্রুপ, কেয়ারী, আল ফুয়াদ হাসপাতাল ও ইসলামী ব্যাংক উল্লেখযোগ্য, বলেন তিনি।
তিনি আরো বলেন, বান্দরবান, নাইক্ষ্যংছড়ি, উখিয়া ও টেকনাফ থেকে রোহিঙ্গা জঙ্গিদের ভাড়া করে কক্সবাজার আনা হয়। এছাড়া কয়েকটি মাদ্রাসার ছাত্র আনা হয় পিকনিকের নাম করে।
শহরের এনে তাদের জড়ো করে পরিকল্পিত এই তা-ব চালানো হয়, বলেন তিনি।
নিহত তিনজন সাধারণ পথচারী উল্লেখ করে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন তারা।
এছাড়া নিহতদের পরিবারকে সাহায্য দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়।
মসজিদকে ব্যবহার করে এ নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে অভিযোগ করেন আহমদ হোসেন।
রাজনৈতিক স্বার্থে মসজিদকে ব্যবহার করতে না দেয়ার জন্য তিনি মসজিদ পরিচালনা কমিটি, সংশ্লিষ্ট ইমাম ও খতিবদের অনুরোধ জানান।
শনিবার ও রোববারের হরতাল জনগণ প্রত্যত্থান করেছে উল্লেখ্য করে সোমবার হরতালও প্রতিহত করতে মাঠে থাকার ঘোষাণা দেন তার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম চৌধুরী, নুরুল ইসলাম, নুরুল আবছার, মোহাম্মদ হোসাইন, মুজিবুর রহমান, জাসদ নেতা মোহাম্মদ হোসেন মাসু, যুবলীগ নেতা খোরশেদ আলম প্রমুখ।
